এএইচএফ অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে গতকাল রবিবার বাংলাদেশের দুই দলের জন্য দেখা গেল দুই রকম চিত্র। দিনের শুরুতে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ের তেতো স্বাদ পেয়েছে অনূর্ধ্ব-২০ পুরুষ দল। তবে ঘণ্টাখানেক পরই দারুণ জয় তুলে নিয়ে সেই হতাশা দূর করেছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে অনূর্ধ্ব-২০ নারী দল।
ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটির মরিন দাউর গ্রাউন্ডে পুরুষদের ম্যাচে শুরুতে গোলশূন্য ছিল প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারে আবদুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে এরপর দুই গোল হজম করে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েন জাইলস বোনেটের শিষ্যরা। তৃতীয় কোয়ার্টারে অবশ্য দুর্দান্তভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৩৩ মিনিটে মাহাদি হাসান অভির অসাধারণ ফিল্ড গোলে সমতায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ম্যাচের নিয়ন্ত্রণও অনেকটা নিজেদের হাতে নিয়ে নেয় তারা। কিন্তু শেষ কোয়ার্টারে সেই ধার আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। উল্টো রক্ষণে চাপ বাড়িয়ে দেয় মালয়েশিয়া। ৪৮ ও ৫১ মিনিটে সুজাইনি ফাহমি পরপর দুটি ফিল্ড গোল করে মালয়েশিয়াকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।
টানা দুই ম্যাচে হারের পরও বিশ্বকাপে খেলার লক্ষ্য থেকে সরে আসছেন না বাংলাদেশের প্রধান কোচ জাইলস বোনেট। তার মতে, তৈরি করা সুযোগগুলো কাজে লাগাতে না পারাই দলের বড় সমস্যা। ম্যাচ শেষে বোনেট বলেন, ‘স্কোরলাইনই সব বলে দিচ্ছে। প্রতিপক্ষকে চাপে রাখতে হলে স্কোরবোর্ডে গোল থাকা জরুরি। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছিলাম, যা কাজে লাগাতে পারিনি। এই ধরনের ম্যাচে সুযোগগুলো নষ্ট করলে খেসারত দিতেই হয়।’ ২-২ গোলে সমতায় ফেরার পর রক্ষণভাগের ভুল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বোনেট বলেন, ‘আমরা ২-২ গোলে সমতায় ফিরে এসেছিলাম। কিন্তু ডিফেন্সে আমাদের আরও ভালো হতে হবে। শেষের দিকে যে দুটি গোল আমরা হজম করেছি, সেগুলো আরও ভালোভাবে ঠেকানো উচিত ছিল।’ টানা দুই ম্যাচে হেরে ধাক্কা খেলেও বিশ্বকাপে খেলার লক্ষ্য এখনো অটুট। কোচ বোনেটের চোখ পরবর্তী ক্লাসিফিকেশন ম্যাচে। তিনি মনে করেন, সেখানে সম্ভাব্য কোরিয়া, জাপান কিংবা ভারতের বিপক্ষে ম্যাচটিই হবে দলের বড় পরীক্ষা। হাতে থাকা ম্যাচগুলোতে ভুল শুধরে নিজেদের প্রস্তুত করতে চান তিনি।
পুরুষ দলের হারের পর অবশ্য বাংলাদেশের হকি শিবিরে আসে স্বস্তি। একই ভেন্যুতে অনূর্ধ্ব-২০ নারী দল দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৫-১ গোলে হারায়। চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের পর এবার পাকিস্তানের বিপক্ষেও বড় জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে মেয়েরা। বাংলাদেশের হয়ে গোল করেন লনিমা নুপুর, নাদিরা এমা, অধিনায়ক সারিকা রিমন, কনা আক্তার ও আইরিন আক্তার রিয়া। পাঁচজন ভিন্ন খেলোয়াড়ের গোলেই আসে দলের বড় জয়। অন্যদিকে নারী দলের সামনে এখন জয়ের ধারা ধরে রাখার সুযোগ। মঙ্গলবার কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দল। পাকিস্তানের বিপক্ষে বড় জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ায় সেই ম্যাচেও জয়ের প্রত্যাশা থাকছে লাল-সবুজের প্রতিনিধিদের।