রাজধানীর সবুজবাগে বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে বখাটের ছুরিকাঘাতে নিহত হয়েছেন কাতার প্রবাসী এক যুবক। তার নাম সিফাত উল্লাহ (৩০)। এ ঘটনায় হামলাকারী দুই যুবকও আহত হয়েছেন। গতকাল রবিবার বিকেলে সবুজবাগের আদর্শপাড়া বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বান্ধবী নাজিফা শেখ (২৩) জানান, বিকেলে তার বন্ধু সিফাত বাসায় দেখা করতে এসেছিলেন। কিছুক্ষণ পর এলাকার জয়, রাজিব, ইয়াসিনসহ ৬-৭ জন তাদের বাসায় ঢুকে সিফাতকে টেনেহিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হামলাকারীরা সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ধস্তাধস্তিতে হামলাকারী রাজিব ও ইয়াসিনও আহত হয়। গুরুতর আহত সিফাতকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। হামলাকারী আহত দুই যুবকও ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসে।
আহত রাজিব জানিয়েছেন, অনৈতিক কাজ চলছে, এমন খবর পেয়ে তারা ওই বাসায় যান। এ সময় এক যুবক তাদের দিকে তেড়ে আসেন। এ সময় সেখানে ধস্তাধস্তি ও মারামারিতে তারা আহত হন।
নাজিফা শেখ জানান, তিনি বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অনার্সের শিক্ষার্থী। ধোলাইরপাড়ের বাসিন্দা সিফাতের সঙ্গে তার দুই বছর ধরে বন্ধুত্বের সম্পর্ক। সামনে তাদের বিয়ের কথা চলছিল। ওই বাসাটি তার বড় বোনের। জয় এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে ওই বাসায় মাঝে মাঝে বন্ধুদের নিয়ে এসে মাদক সেবন করত। বিষয়টি জানতে পেরে সিফাত তাদের ওই বাসায় আসতে বারণ করে। এ নিয়ে তারা ক্ষুব্ধ ছিল।
নিহতের বন্ধু হাসান জানান, সিফাত উল্লাহ কাতারে ব্যবসা করতেন। তাদের বাড়ি যাত্রাবাড়ীর ধোলাইরপাড় এলাকায়। তার বাবার নাম জয়নাল আবেদীন। এক ভাই ও এক বোনের মধ্যে সিফাত ছিলেন ছোট।