বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার বিদ্যমান ভ্রমণসুবিধা সংশোধন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে বছরে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এর মধ্যে প্রতিবার সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদে এবং বাকি অর্থ কার্ডের মাধ্যমে খরচ করা যাবে।
ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তবে ১২ বছরের কম বয়সী বাংলাদেশি নাগরিকরা বছরে সর্বোচ্চ ৯ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন।