১১ দলীয় ঐক্যের লংমার্চ সমাপনী সমাবেশে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলে যে মন্তব্য করেছেন, তা যথার্থ বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। গতকাল রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
এর আগে গত শনিবার রাতে মেয়র শাহাদাত হোসেন তার ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় বিরোধীদলীয় নেতার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে ওই বক্তব্যকে আওয়ামী আমলের ‘ফ্যাসিবাদকে সমর্থন’ দেওয়ার নামান্তর বলে মন্তব্য করেছিলেন।
গতকাল রবিবার রাতে দেওয়া ভিডিও বার্তায় নগর জামায়াত আমির বলেন, অকার্যকর (ইনফ্রাকচুয়াস) একটি রায়ের ভিত্তিতে পাওয়া পদের মেয়াদ শেষ হয়ে গেলেও ডা. শাহাদাত হোসেন মেয়রের চেয়ার ছাড়ছেন না। বরং বিষয়টির অপব্যাখ্যা করে নগরবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন। যেকোনো সময়, বিশেষ করে রাজনৈতিক পটপরিবর্তন হলে, তিনি নিজেই আইনগত জটিলতায় পড়তে পারেন বলে আমরা আশঙ্কা করছি।
তিনি বলেন, বিশেষ ব্যবস্থাপনায় ডা. শাহাদাত হোসেন ৩ নভেম্বর মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ২০২১ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত চসিক বোর্ডের ৫ বছরের মেয়াদ ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে। সুতরাং, ওই নির্বাচনের ভিত্তিতে দেওয়া রায়ের কার্যকারিতা ও উপযোগিতাও মেয়াদ শেষে প্রশ্নের মুখে পড়েছে। তাই শপথের দিন থেকে নতুন করে ৫ বছরের মেয়াদ শুরু হয়েছেÑ এমন দাবি বিভ্রান্তিকর।