রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার মনোজ কুমার বলেছেন, আমরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে আছি। ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটি আরও উন্নত করতে আমরা আমাদের সেরাটা দিয়ে যাব।
গতকাল রবিবার দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট গেটসংলগ্ন ডাকবাংলোয় হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
মনোজ কুমার বলেন, দুই দেশের সরকারের মধ্যে, মানুষের মধ্যে যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আছে তা আরও সুদৃঢ় করতে উভয় দেশের আমদানিকারক রপ্তানিকারক ব্যবসায়ীদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।
আমাদের যে সম্পর্ক বিশেষ করে ব্যবসায়িক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সংযোগ তার আরও জোরদার করার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। ভবিষ্যতে আপনারা এটি অব্যাহত রাখবেন, আমরা আপনাদের সব ধরনের সহায়তা প্রদান করব।