টেকনাফে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

কক্সবাজারের টেকনাফের নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে প্রায় ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে  টেকনাফ উপজেলার হ্নীলা এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবাগুলোর বাজার মূল্য প্রায় ৪২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।  

৬৪ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় গত দুই সপ্তাহ যাবৎ ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বুধবার দুপুরের বিজিবি সীমান্ত সংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারী, ড্রোন ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করে আসছিল। চোরাচালানকারীরা রাতে সুবিধা করতে না পেরে তারা একটি অভিনব পন্থায় দিনের  জেলের ছদ্মবেশে নৌকাযোগে দুপুর সাড়ে ১২টায় হ্নীলা বিওপি’র সুইচ গেইট এলাকা দিয়ে প্রবেশ করার চেষ্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ওত পেতে থাকা বিজিবির বিশেষ টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরবর্তীতে তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ভেতরে কোন কিছু পাওয়া না গেলেও অভিনব কায়দায় দঁড়ি দিয়ে নৌকার সঙ্গে বাঁধা পানিতে ভাসমান কিছু বস্তা দেখতে পায়। পরে বস্তাগুলো খুলে নীল রঙ্গের ১৪০ কার্ট অর্থাৎ ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 

এব্যাপারে ৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, ৬৪ বিজিবির সদস্যরা দিন রাত পরিশ্রম করে সফলতা মাধ্যমে ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত