ফুরিয়ে যাওয়ার গুঞ্জন ছাপিয়ে পর্তুগাল দলে রোনালদো

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

আন্তর্জাতিক ফুটবলকে তাহলে এখনই বিদায় জানাচ্ছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি বছরের বিশ্বকাপ থেকে পর্তুগালের হতাশাজনক বিদায়ের পর ৪১ বছর বয়সী এই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কেটে গেছে। পর্তুগিজদের নতুন কোচ হোর্হে জেসুসের প্রথম স্কোয়াডেই জায়গা করে নিয়েছেন আল নাসরের এই ফরোয়ার্ড।

চলতি বছরের জুলাইয়ে স্পেনের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় পর্তুগাল। সঙ্গে রোনালদোর বিদায়টা অনেকটাই মেনে নিয়েছিলেন সবাই। তখন রোনালদোও পরিষ্কার করে কিছু না বলে কেবল পরিবারের সাথে আলোচনা করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন। তবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উয়েফা নেশনস লিগের চার ম্যাচের ক্যাম্পেইনের জন্য ৭২ বছর বয়সী কোচ জেসুস ২৫ সদস্যের যে দল ঘোষণা করেছেন তাতে জায়গা মিলেছে রোনালদোরও।

রবার্তো মার্তিনেজের স্থলাভিষিক্ত হয়ে পর্তুগাল দলের দায়িত্ব নেওয়া জেসুসে সঙ্গে রোনালদোর বোঝাপড়াটা বেশ পুরোনো। গত মৌসুমে এই কোচের অধীনেই সৌদি প্রো লিগের শিরোপা জিতেছিল আল নাসর।

ক্লাব ফুটবলের সেই সফল জুটিকে এবার জাতীয় দলের ডাগআউটেও দেখা যাবে। বয়স ৪১ পেরিয়ে গেলেও মাঠের ধার ও গোলের ক্ষুধা যে একটুও কমেনি, তা প্রমাণ করতেই যেন নতুন কোচের প্রথম ভরসার প্রতীক হয়ে উঠলেন তিনি।

আসন্ন নেশনস লিগের লড়াইয়ে পর্তুগাল আগামী ২৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ওয়েলসের মুখোমুখি হবে। এরপর ২৭ সেপ্টেম্বর নরওয়ে সফর, ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে ম্যাচ এবং ৪ অক্টোবর নরওয়েকে নিজেদের মাঠে আতিথিয়তা দিয়ে এই পর্ব শেষ করবে পর্তুগিজরা।

নেশনস লিগের জন্য পর্তুগালের স্কোয়াড:

গোলরক্ষক: ডিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।

ডিফেন্ডার: জোয়াও ক্যানসেলো, ডিয়োগো দালোত, রুবেন দিয়াজ, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা, গঞ্জালো ইনাসিও, নুনো মেন্দেস, নুনো তাভারেস।

মিডফিল্ডার: জোয়াও পালিনহা, রুবেন নেভেস, ভিতিনহা, জোয়াও নেভেস, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: ফ্রান্সিসকো কনসেসাইও, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনালদো, গঞ্জালো রামোস, ফাবিও সিলভা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত