গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ছেলের সামনে মাকে ধর্ষণের অভিযোগ

ডাকাতির পর ১৪ বছরের ছেলেকে গাছের সঙ্গে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে তার সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনায় রাজিব নামে একজনকে আটক করেছে পুলিশ।

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পর তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ডাকাত দলের সদস্যরা প্রবাসীর ১৪ বছর বয়সী ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তার সামনেই তার মাকে ধর্ষণ করা হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ। এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চর কালীবাড়ি এলাকার তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩), আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২), মোফাজ্জলের ছেলে রাজিব (২৩) ও নূরুলের ছেলে এনামুল (২২) প্রবাসীর অর্ধনির্মিত বাড়িতে প্রবেশ করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই পাঁচজন এলাকায় বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত।

বাড়িতে ঢুকে তারা প্রবাসীর ছেলের কাছে পানি চায়। ১৪ বছর বয়সী ওই ছেলে জগ ও গ্লাসে পানি নিয়ে দরজার কাছে আসামাত্র তাকে ধরে ঘরের দরজার পাশে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে ডাকাতরা। এরপর অস্ত্রের মুখে তাকে জিম্মি করে তারা ঘরে প্রবেশ করে।

পরে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, বাড়ি নির্মাণের খরচের জন্য আলমারিতে রাখা নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৫ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণালংকারসহ গৃহবধূর গলার হার, কানের দুল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ডাকাত দল।

লুটপাটের পর দরজার সামনে বেঁধে রাখা ছেলের গলায় চাপাতি ধরে তাকে জিম্মি করে তার মাকে সেখানে নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, ছেলের সামনেই অস্ত্রের মুখে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় রাজিব নামের এক সদস্য ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

অভিযোগ অনুযায়ী, পরে প্রবাসীর স্ত্রী ও তার ছেলেকে হুমকি দেওয়া হয়। আগামী তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা না দিলে এবং ঘটনাটি প্রকাশ করলে ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ডাকাত দলের সদস্যরা।

ডাকাত দল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে গফরগাঁও থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযানে নামে।

শুক্রবার বিকেল ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চর কালীবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি নির্জন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অভিযুক্ত চারজন পালিয়ে গেলেও রাজিবকে আটক করা হয়।

পুলিশের দাবি, ঘটনার ভিডিও ধারণ করা মোবাইল ফোনটি রাজিব পানিতে ফেলে দেন। পরে পুলিশ পানির ভেতর থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে।

গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ জানান, এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত