ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

সাক্ষাৎকার গ্রহণ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ এএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ডা. ফরহাদ হালিম ডোনার।

রাতে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত রুহুল কবির রিজভী বলেন, স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে সেটা আসলে মনোনয়ন বোর্ডের বৈঠক।

সেখানে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে লড়তে কে বিএনপির মনোনয়ন পাচ্ছেন, সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি পরে জানানো হবে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ায় শূন্য হয় ঠাকুরগাঁও-১ আসন। আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর।

সর্বশেষ সর্বাধিক পঠিত