ঢাকার মুগদা মানিকনগর এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মানিকনগরের আগুনের গলির ‘গাফফারের গ্যারেজে’ এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানিয়েছেন, অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া গ্যারেজের মালিক আব্দুল গাফফার বলেন, নিহত আব্দুল্লাহ তার মেয়ের জামাই এবং তার গ্যারেজেই রক্ষণাবেক্ষণকারী হিসেবে কাজ করতেন। রাতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সে আর বেঁচে নেই।
আব্দুল্লাহর নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার কফিলুদ্দিনের ছেলে। মুগদার মানিকনগর আগুনের গলিতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন।