ছনুয়ায় মাছের পোনা ধরতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় ছনুয়া ইউনিয়নে বাবার সঙ্গে মাছের পোনা সংগ্রহ কর‌তে গিয়ে সাকিবুল হাসান (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের মনুমিয়াজী ঘাটের উত্তর পাশে বঙ্গোপসাগরের চরে এ ঘটনা ঘটে।

নিহত সাকিবুল হাসান ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শুকলালপাড়ার মোহাম্মদ হোছাইনের ছেলে। সে মৃগীরোগে আক্রান্ত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বাবার সঙ্গে জোয়ারের পানিতে সাগরের চরে মাছের রেণু আহরণ করতে যায় সাকিব। তার বাবা, চাচাসহ পরিবারের অন্য সদস্যরা নেট জাল দিয়ে বাগদা ও গলদা চিংড়ির পোনা আহরণে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে সাগরের স্রোতে তলিয়ে যায় সাকিব। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনাস্থল থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, সাকিবুল হাসান তার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।

সর্বশেষ সর্বাধিক পঠিত