ডেটা ভান্ডার থেকে ‘স্মার্ট’ হেলথ অ্যাপ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ এএম

অ্যাপলের হেলথ অ্যাপে যুক্ত হচ্ছে একাধিক নতুন ও উন্নত ফিচার। এতদিন অ্যাপল ওয়াচ ও বিভিন্ন ব্লুটুথ-সংযুক্ত ফিটনেস ডিভাইস থেকে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজ করলেও এবার সেই ডেটা বিশ্লেষণ করে ব্যবহারকারীদের জন্য কার্যকর তথ্য ও পরামর্শ দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আইওএস ২৭.২ ডেভেলপার বিটা সংস্করণে নতুন হেলথ অ্যাপের পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। নতুন সংস্করণে যোগ হয়েছে ‘ইনসাইটস’ ট্যাব। এর মাধ্যমে ঘুম, ফিটনেস ও শারীরিক প্রস্তুতি বা ‘রেডিনেস’-সংক্রান্ত দৈনিক তথ্য ও প্রবণতা জানা যাবে।

এ ছাড়া রয়েছে ‘লনজিভিটি’ ট্যাব। এর ‘হেলথ এজ’ ফিচার অ্যাপল ওয়াচ থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বয়সের তুলনায় শরীরের কার্যক্ষমতার একটি ধারণা দেবে। ‘মুভমেন্ট অ্যাসেসমেন্ট’ ফিচারের মাধ্যমে নমনীয়তা, শারীরিক শক্তি ও ভারসাম্যের মতো বিষয়ও মূল্যায়ন করা যাবে। ব্যবহারকারীর স্বাস্থ্য তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ ও ভিডিও দেখানোর ব্যবস্থাও থাকবে। ভবিষ্যৎ বিটা সংস্করণে ব্যক্তিগত পরামর্শ, কাস্টমাইজড সামারি ও ল্যাব টেস্ট অর্ডারের মতো সুবিধা যুক্ত হতে পারে।

অ্যাপলের নতুন উদ্যোগটি ওরা, হুপ ও গুগলের স্বাস্থ্যসেবা-ভিত্তিক প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা আরও বাড়াতে পারে। নতুন হেলথ অ্যাপটি চলতি বছরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার কথা জানিয়েছে অ্যাপল।

সর্বশেষ সর্বাধিক পঠিত