ক্যাপ্টেন্সির শেষ ম্যাচে বিশাল হার জ্যোতির

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ এএম

এশিয়া কাপের সেমিফাইনালে হারের ক্ষত ভুলতে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু ১৯০ ছাড়ানো বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। সেফালি ভার্মার দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ভারতের দেওয়া ১৯৬ রানের জবাবে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। ১১৪ রানের বড় ব্যবধানে এই হারে ১০ দিনের ব্যবধানে একই প্রতিপক্ষের কাছে আবারও ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের।

গতকাল নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। দলীয় সংগ্রহ দুই অঙ্কে পৌঁছানোর আগেই সাজঘরে ফেরেন জুয়াইরিয়া (০) ও মোস্তারি (৪)। ওপেনার দিলারা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২৬ বল খেলে সর্বোচ্চ ২৭ রান করেন। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের পক্ষে নন্দিনী ও দীপ্তি তিনটি করে উইকেট শিকার করেন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। পাওয়ারপ্লের শেষ ওভারে মান্ধানা (১৯ বলে ৩৭) আউট হলেও স্কোর বোর্ডে ততক্ষণে জমা হয় ৭২ রান। অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে ৯৪ রানের দারুণ এক জুটি গড়ে দলের রান বাড়িয়ে নেন শেফালি। ৪৯ বলে ৩ চার ও ৯ ছক্কার মারে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে মারুফা, সানজিদা, রাবেয়া ও নাহিদা একটি করে উইকেট নেন।

আমরা অত্যন্ত বাজে ক্রিকেট খেলেছি : ম্যাচ শেষে দলের বড় হারের পর ব্যাটিং বিপর্যয় ও প্রস্তুতির ঘাটতির কথা খোলামেলা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি স্পষ্টভাবে বলেন, দল হিসেবে তারা অত্যন্ত বাজে ক্রিকেট খেলেছেন।

জ্যোতি বলেন, ‘যখন আপনি এত বড় লক্ষ্য তাড়া করবেন, তখন এমন ব্যাটিং ধস একটি স্বাভাবিক ঘটনা। তবে আমার মনে হয় আমরা যদি বোলিংয়ে একটু ভালো করতাম, তবে হয়তো তাদের আরও কম রানে আটকে রাখতে পারতাম।’ টুর্নামেন্টের আগে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও বৃষ্টির কারণে মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পাওয়ার আক্ষেপও ঝরে তার কণ্ঠে। এ ছাড়া চায়নার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়া এবং পরবর্তীতে প্রীতি ম্যাচে প্রতিপক্ষ না আসায় পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিস ছাড়াই নামতে হয়েছিল দলকে।

টুর্নামেন্টের ঠিক আগে টি-টোয়েন্টি দলের অধিনায়তত্ত্ব ছাড়ার ঘোষণা দেওয়া জ্যোতি জানান, একজন ব্যাটার ও ক্রিকেটার হিসেবে দলের জন্য তার আরও অনেক কিছু দেওয়ার আছে, যে কারণে তিনি নিজের ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে চান।

ব্যাটিং কোচকে সরিয়ে দেওয়ার গুঞ্জন : টানা দুই টুর্নামেন্টে ব্যাটারদের চরম ব্যর্থতা ও ধারাবাহিকভাবে খেই হারিয়ে ফেলায় বড় সিদ্ধান্তের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকরা। যার জেরে পদ হারাতে চলেছেন বাংলাদেশ নারী জাতীয় দলের ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক।

এর আগে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছিল বাংলাদেশ, আর এবার এশিয়ান গেমসের সেমিতেও সেই ভারতের কাছে ১১৪ রানের লজ্জাজনক হার দেখল দল। টানা দুই বড় টুর্নামেন্টে একই প্রতিপক্ষের বিপক্ষে এমন ব্যাটিং বিপর্যয়ের পর কোচিং স্টাফে পরিবর্তন আনার গুঞ্জন জোরালো রূপ নিয়েছে।

বিসিবির নারী বিভাগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রধান কোচ সরোয়ার ইমরানের সঙ্গে ব্যাটিং কোচ পরিবর্তনের ভাবনাটি অনেক দিন ধরেই বোর্ডের টেবিলে ছিল। তবে ফারুককে সরাসরি চাকরিচ্যুত না করে বোর্ডের অন্য কোনো দায়িত্বে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। এ বিষয়ে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানিয়েছেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত