গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘটনাস্থল ন্যাম ভবন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ এএম

রাজধানীর সংসদ ভবনের উল্টোদিকে সংসদ সদস্যদের সরকারি বাসভবন (ন্যাম) থেকে জামায়াতে ইসলামীর বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিকে রহস্যজনক বলছে পুলিশ এবং অন্য ফ্ল্যাটের বাসিন্দারা। ন্যাম ভবনে এটিই প্রথম কোনো সংসদ সদস্যের স্ত্রীর আত্মহত্যার ঘটনা।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ন্যাম ভবনের ৫নং বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাটে একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ- কমিশনার ইবনে মিজান বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। মরিয়মের মরদেহ কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধারণা করা হচ্ছে বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়েছে পুলিশ।

গত জুলাইয়ে মগবাজারের একটি হোটেলে এই তরুণীর সঙ্গে সাতক্ষীরার এমপি নজরুলের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। তখন মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেও দেশজুড়ে সমালোচনা আর রাজনৈতিক চাপে পড়েন নজরুল। পরে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াত।

বহিষ্কার আদেশে বলা হয়, দলীয় তদন্তে তার ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং তারা ১৭ জুন বিয়ে করেছেন। বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ নিয়েও বিতর্ক তৈরি হয়। জামায়াত তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি স্পিকার ও নির্বাচন কমিশনকে জানালেও দল থেকে বহিষ্কার হওয়ায় তার এমপি পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত