শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে মারধরের পর ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার নগরীর সোনাডাঙ্গা প্রধান সড়কে আজমুলের বিশ^বিদ্যালয় নর্থ ওয়েস্টার্নসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় সড়কের বিভিন্ন পয়েন্ট বন্ধ করে দেওয়ায় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিবারের দাবি অনুসারে মূল হোতা মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ।
গত শুক্রবার রাতে ছাত্রাবাসে ভাত চুরির অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খাজা হলে বিপরীতে ইসলামনগর সড়কের একটি মেসে আজমুলকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। আসামিরা হলেন খুবির এফএমআরটি ডিসিপ্লিনের ১৭ ও ১৯ ব্যাচের রবিন ও মবিন, গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের সাগর ও অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী ওবায়দুল। আজমুলের পরিবারের দাবি, হত্যার মূল পরিকল্পনাকারী মেস ম্যানেজার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী। তবে মামলার তার এজহারে নাম উল্লেখ নেই।
আজমুলের বাবা কুতুব উদ্দিন জানান, আজমুল ২০২৪ সালে এইচএসসি পাসে পর কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে খুলনায় চলে যান। খুলনায় মেহেদীর সঙ্গে পরিচিত হওয়ার পর তাকে এক লাখ ২০ হাজার টাকার বিনিময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দেবে বলে জানায়। এই ঘটনার কিছু দিন পর আজমুল নর্থ ওয়েস্টান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হলে মেহেদী তার ওপর চরমভাবে ক্ষেপে যায়। গত বৃহস্পতিবার সে আজমুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে এবং ৫৮ হাজার টাকা দাবি করে। আজমুল ২৩ হাজার টাকা দিতে রাজি হন। গত বৃহস্পতিবার খুলনায় আসার পর শুক্রবার রাতে তাকে ভাত চুরির অপবাদ দিয়ে মেহেদীর নেতৃত্বে মেরে ফেলা হয়।
আজমুল হত্যাকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ভাত খাওয়াকে কেন্দ্র করে আজমুলকে মারধর, চুল কেটে দেওয়া এবং একপর্যায়ে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু জায়েদ বলেন, আজমুলকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তার মা-বাবার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। একটি খাবারের দাম কি ১ লাখ টাকা হতে পারে? একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিন্ধ বলেন, একজন শিক্ষার্থী অন্যের খাবার চুরি করে খাওয়ার কারণে তাকে মারধর করা হয়েছে এবং ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, এটা মূল কারণ হতে পারে না। নিঃসন্দেহে এর পেছনে অন্য কোনো কারণ আছে। আমরা এসব ঘটনার বিচার চাই।
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কানাই লাল বলেন, ‘ঘটনা অনেকটা খোলাসা হয়ে গেছে। তাকে ভাত চুরির অভিযোগে, মিথ্যা ও তুচ্ছ অভিযোগে বেধড়ক প্রহার করা হয়। এরপর তাকে ছাদে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। এটি একজনের কাজ নয়, বহু শিক্ষার্থীর সমন্বয়ে দলগতভাবে তাকে মারা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।
খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিণ রেজাউল ইসলাম বলেন, তদন্তে যাদের নাম পাওয়া গেছে তাদেরকে আসামি করা হয়েছে। অনেক অজ্ঞাত আসামি আছে। পুলিশ মেহেদীকে খুঁজছে। মেহেদীসহ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। নগরীর হরিণটানা থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, পরিবারের দাবি অনুসারে হত্যার মূল পরিকল্পনাকারী মেহেদীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।