মনুমেন্তাল স্টেডিয়ামে আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি হতে চলেছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ প্রদর্শনী। আলবিসেলেস্তেদের মহাতারকার ঐতিহাসিক এই বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে ইতোমধ্যে ফুটবল বিশ্বে উন্মাদনার ঝড় উঠেছে, আর তার মাঝেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে বিদায়ী ম্যাচের বিশেষ জার্সির ইঙ্গিতটাও দিয়েছেন মেসি নিজেই।
গত ৩১ আগস্ট এক আবেগঘন চিঠির মাধ্যমে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ফুটবলের এই জাদুকর। তিনি তখন জানান, গত ১৯ জুলাই ফাইনালের দুদিন পরেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন।
বেনিনের বিপক্ষে ম্যাচটি দিয়ে শেষ হবে আর্জেন্টিনার সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডো। সেখানে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিশ্চিত করেছে যে, এই শেষ প্রীতি ম্যাচটিতে দলের সঙ্গে যোগ দেবেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো এবং নিকোলাস ওতামেন্দিরা। এর আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুর্কিনা ফাসোর বিপক্ষে ম্যাচ খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিদায়ী ম্যাচের ঠিক আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে সমর্থকদের নস্টালজিয়ায় ভাসিয়েছেন মেসি। সেখানে এই মহাতারকা লিখেছেন, ‘শেষ ম্যাচ... আজীবনের জন্য একটি জার্সি।’
সেই ভিডিওতে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপে পরা নিজের জার্সিটি একটি বিশেষ ডিজাইনের নতুন জার্সির সঙ্গে বদল করছেন তিনি। সোনালী রঙে নাম্বার টেন ও নিজের নাম খোদাই করা ওই বিশেষ জার্সির মাঝখানে রয়েছে একটিমাত্র সাদা ডোরা, যার দুই পাশে হালকা নীল রঙের ফিতা দিয়ে তৈরি করা হয়েছে নিখুঁত আর্জেন্টিনার পতাকা। এছাড়া সূর্যোদয়ের প্রতীকও বেশ স্বচ্ছভাবে ফুটে উঠেছে তাতে।
দলের মহাতারকার বিদায়ের ক্ষণে আবেগাপ্লুত সতীর্থরাও। দীর্ঘদিনের সতীর্থকে হারানোর বেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করে সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো বলেন, ‘এই ধরনের ঘটনা সবসময়ই কঠিন। তবে আপনাকে মেনে নিতে হবে যে এটিই বাস্তবতা এবং আজ হোক বা কাল তা ঘটতই। অতীতে যেমন সবসময় করেছেন, সেভাবেই আপনাকে এটি মেনে নিতে হবে।’
একইভাবে দলের অবদান ও শূন্যতার কথা স্মরণ করে মিডফিল্ডার ম্যাকঅ্যালিস্টার বলেন, ‘কৃতজ্ঞতা, তার মতো আর কেউ হবে না। আমরা যা কিছু জয়ে সহায়তা করেছি, তার জন্য তাকে ধন্যবাদ। এটি একটি অত্যন্ত আবেগঘন দিন হতে চলেছে। এটি একটি ভিন্ন প্রক্রিয়া হতে যাচ্ছে। আমাদের বুঝতে হবে যে আমাদের কাছে আর বিশ্বের সেরা খেলোয়াড়টি নেই, যে পার্থক্য গড়ে দিত।’
২০২২ কাতার বিশ্বকাপ জয়, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা ট্রফি জয়সহ ২০০৭ ম্যাচ খেলে ১২৫ গোল এবং ৬৮টি অ্যাসিস্টের অবিশ্বাস্য এক উত্তরাধিকার রেখে বুটজোড়া তুলে রাখছেন মেসি। বেনিনের বিপক্ষে সেই শেষ বাঁশি বাজার পর থেকেই শুরু হবে এক নতুন যুগ, যেখানে বিশ্ব ফুটবলের আঙিনায় অমর হয়ে থাকবে এক রূপকথার অবসান।
এক দিন পেছালো রহমতগঞ্জ-ব্রাদার্স ফেড কাপ ম্যাচ