সবকিছু ঠিক থাকার পরেও ‘লজিস্টিক জটিলতার’ কারণে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬ বাতিল করেছে সৌদি আরব। আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উৎসবটির ষষ্ঠ আসর। তবে সেটি পিছিয়ে ২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন। সেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিসরের এমন একটি বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় লজিস্টিকসহ উৎসবের সময় নির্ধারণের বিভিন্ন দিক পর্যালোচনা করে ষষ্ঠ আসর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এমন এক সময় ও পরিবেশে উৎসব আয়োজন করা তাদের লক্ষ্য, যাতে রেড সি চলচ্চিত্র উৎসব যে অভিজ্ঞতার জন্য পরিচিত– তা দর্শক, নির্মাতা ও অংশগ্রহণকারীদের সামনে যথাযথভাবে তুলে ধরা যায়। আয়োজকদের এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটছে। তবে উৎসব স্থগিতের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির কোনো যোগসূত্রের কথা জানায়নি ফাউন্ডেশন।
আন্তর্জাতিক পরিসরে এমন একটি বড় আয়োজনের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনার বিষয়গুলো পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। চলমান সংঘাতের কারণে ইয়েমেনের উপকূলসংলগ্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে। উৎসবের মূল আয়োজন স্থগিত হলেও বছরজুড়ে তাদের অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। এর মধ্যে রয়েছে রেড সি ফান্ড, রেড সি ল্যাবসসহ বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি। এ ছাড়া ২০২৬ সালের নভেম্বর থেকে ঐতিহাসিক জেদ্দার কালচার স্কয়ারে বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও চলচ্চিত্রভিত্তিক আয়োজন শুরু করার কথা জানিয়েছে ফাউন্ডেশন।
আয়োজকদের বিবৃতিতে নির্মাতা, অংশীদার, অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, ২০২৭ সালে সফলভাবে উৎসব আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছেন তারা। সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আরববিশ্বসহ বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র, উদীয়মান নির্মাতা ও চলচ্চিত্রশিল্প-সংশ্লিষ্টদের নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।
প্রথমবার দেখা মিলবে তৌসিফ-শার্লিনের
‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সো’র প্রয়াণ দিবস আজ
চলে গেলেন রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি