চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় ৪৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়। ট্রাকের চালক ও হেলপারসহ তিনজনকে আটক করে সার ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ও মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে মিরসরাই থানার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন মিরসরাই। এ সময় পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে একটি ফিশিং বোটে ইউরিয়া সার লোড করার সময় তিনজনকে আটক করা হয়। চারটি ট্রাকে থাকা ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৪৮ হাজার কেজি সার ছিল। জব্দ করা সারের আনুমানিক বাজার মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। পাচারে ব্যবহৃত ফিশিং বোট ও ট্রাকগুলো জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সার, পাচারে ব্যবহৃত যানবাহন ও বোট এবং আটক তিনজনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, কোস্ট গার্ডের অভিযানে আটক তিনজনকে সার ব্যবস্থাপনা আইনে এক হাজার ৪০০ টাকা করে জরিমানা করা হয়েছে। পরে তাদের মুক্তি দেওয়া হয়। ফিশিং বোট থেকে উদ্ধার করা ১৭৫ বস্তা সারের নিলাম কার্যক্রম কোস্ট গার্ডের তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা হয়েছে। বাকি সার মিরসরাই উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি মূল্যে নিলাম করা হবে।