নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে সস্ত্রীক পুলিশ সদস্য আটক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ এএম

নাটোরে দুই শিশুর বিরোধের জেরে সাত বছরের শিশু বায়েজিদ বিন মাহমুদের ডান হাতের আঙুল কেটে দেওয়ার ঘটনায় পুলিশ সদস্য শাকিল ও তার স্ত্রী নাছরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় শিশুটির বাবা মাহমুদুল হাসান সদর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় শহরের চেয়ারম্যান রোড এলাকার ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান মিলনের বাসার ভাড়াটিয়ারা পিকনিকের আয়োজন করেন। সন্ধ্যায় পিকনিকের সময় বাসার মালিকের আট বছরের শিশু বায়েজিদ বিন মাহমুদ ও ভাড়াটিয়া পুলিশ কনেস্টবল শাকিল হোসেনের পাঁচ বছর বয়সী শিশুকন্যা ইবনাতের মনোমালিন্য হয়। পরে তারা দুজন নিজেদের মধ্যে মারামারিও করে। ঘটনাটি অন্য ভাড়াটিয়ারা রাতেই মীমাংসা করে দিলেও পরদিন বৃহস্পতিবার সকালে শাকিল হোসেন বায়েজিদকে তাদের বাসা থেকে জোরপূর্বক নিজ বাসায় ধরে এনে ঘরের দরজা বন্ধ করে দেন। পরে স্ত্রী নাছরিনের সহযোগিতায় বায়েজিদের ডান হাতের তর্জনি আঙুল কেটে দেন। বায়েজিদের আর্তচিৎকারে অন্য ভাড়াটিয়ারা দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই বায়েজিদের বাবা মাহমুদুল হাসান বাদী হয়ে শাকিল হোসেন ও তার স্ত্রী নাছরিনকে আসামি করে নাটোর সদর থানায় মামলা করেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, শাকিল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখায় কর্মরত। শাকিল ও তার স্ত্রী নাছরিনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের রাতেই গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত