কবিতা

প্রাপক পাওয়া যায়নি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

প্রতিবার আমাকে লিখে
পোস্ট করি
উত্তর আসে
প্রাপক পাওয়া যায়নি

সেই কবে নিরুদ্দেশ হলো চিঠির প্রাপক
সেই কবে নিরুদ্দেশ হলো আমার প্রাপক!
বহুরকম শব্দ দিয়ে গড়া আমি 
প্রেরিত হয়ে 
শূন্য আর বায়বীয়তার ভেতর দিয়ে 
ছুটে চলি নিখোঁজ তোমার দিকে! 
গায়েব তোমার দিকে!

তারপর থেকে আমি 
পোস্ট করা একটা চিঠি 
খামবদ্ধ হয়ে পড়ে আছি 
ডাকঘরের স্যাঁতসেঁতে টেবিলে! 

ডাকপিয়ন প্রতিদিন 
পথের শেষে পথ, গলির পরে গলি
নগরের তাবৎ বাড়ির দরজা থেকে 
ফেরত আসে!

সব বাড়ির দারোয়ানের ‘না’ মিলে
একটা অনিবার্য ও মোক্ষম ‘না’ ধ্বনি 
বাতাসে ছড়িয়ে পড়ে! 
ছড়িয়ে পড়ে আমার রন্ধ্রে রন্ধ্রে!
আমার প্রতিদিনকার মৃত্যু ঘটে! 

অভ্যাসবশত তবু আমাকে আমি লিখি
খামবন্ধ করে তোমার ঠিকানায়
পোস্ট করি

ডাকপিয়ন ফিরে এসে
খামের ওপরে 
লিখে রাখে
‘প্রাপক পাওয়া যায়নি’!

সর্বশেষ সর্বাধিক পঠিত