মহাকাশে এআই স্যাটেলাইট পাঠাচ্ছে গুগল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ এএম

মহাকাশের চরম পরিবেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রসেসর কেমন পারফর্ম করে পরীক্ষা করতে স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। গুগলের পরীক্ষামূলক ‘প্রজেক্ট সানক্যাচার’-এর অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে মহাকাশেই এআই ডেটা সেন্টার বসানো যেতে পারে।

গুগলের নিজস্ব ‘টেনসর প্রসেসিং ইউনিট’ বা টিপিইউ সংবলিত স্যাটেলাইটটি আগামী ১ অক্টোবর স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে চড়ে মহাকাশে পাড়ি জমাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট ভার্জ। গুগলের ভাষ্য অনুসারে, এ মিশনের মূল লক্ষ্য গুগলের টিপিইউ চিপগুলো মহাকাশযানের চাপ, তীব্র বিকিরণ ও তাপমাত্রার চরম ওঠানামা কতখানি সামলে নিতে পারে পরিমাপ করা।

এর আগে, ইলন মাস্ক, জেফ বেজোস ও গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক শ্মিডও পৃথিবীর বুকে ডেটা সেন্টারের বিকল্প হিসেবে মহাকাশে এমন স্যাটেলাইট বসানোর ধারণার কথা প্রকাশ করেছিলেন।

এ প্রকল্পের অংশ হিসেবে আগামী বছর আরও দুটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে গুগলের। পরীক্ষামূলক ধাপে গুগলের এসব টিপিইউ চিপ উচ্চমাত্রার জি-ফোর্স ও বিকিরণ সহ্য করতে পারে বলে প্রমাণ মিললেও কোম্পানিটি বলেছে, ‘কিছু বিষয় কেবল মহাকাশে গিয়েই সঠিকভাবে পরীক্ষা করা সম্ভব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত