রাড্ডায় টাঙানো সাইনবোর্ড ভেঙে দিল এনসিপি

ওসি প্রত্যাহার, গ্রেপ্তার আরও ৬

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ এএম

রাজধানীর মিরপুর-১ এর বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-ভাঙচুরের পরে সেখানে বিএনপির নেতাকর্মীদের টাঙিয়ে দেওয়া ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’র সাইনবোর্ড ভেঙে ফেলেছে এনসিপির কর্মীরা। এ সময় আরেকটি সাইনবোর্ড মুছে দেওয়া এবং একটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে। গতকাল রবিবার দুপুরে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাড্ডা সেন্টার পরিদর্শনে যায়। তারা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের সময় এসব ঘটনা ঘটে।

সেদিন হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। হামলাকারীদের নিবৃত্ত করা কিংবা লুটপাটে বাধা দেওয়ারও উদ্যোগ নেয়নি। ফলে দীর্ঘ সময় ধরে নির্বিঘেœ হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। শাহ আলী থানা পুলিশের এমন দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওসি জাহাঙ্গীর আলমকে গতকাল প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীও পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার কথা জানিয়েছেন। এদিকে এ ঘটনায় নতুন করে আরও ছয়জনকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাড্ডা সেন্টারে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে অভিযুক্ত করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, বিএনপির ওই সংসদ সদস্যের নেতৃত্বে সেখানে ‘ধ্বংসযজ্ঞ, লুটতরাজ ও মবতন্ত্র’ কায়েম করা হয়েছে। মবতন্ত্র দিয়ে দুই দিনের মধ্যে একটা স্বাস্থ্যসেবা ক্লিনিক, একটা স্টুডিও ও আরেকটা প্রতিষ্ঠানের কবর রচনা করা হলো। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, পুলিশ এখানে এসে মবতন্ত্র নিশ্চিত করেছে। এই ঘটনা বিএনপির এমপি, সিটি করপোরেশনের প্রশাসক, স্থানীয় পুলিশ সবার ঐক্যবদ্ধ এবং সংঘটিত একটা অপরাধ।

পুলিশের গাফিলতি ছিল : বৃহস্পতিবার রাতে স্থানীয় বিএনপি নেতা মো. হানিফ মিয়ার নেতৃত্বে প্রায় ২৫০ নেতাকর্মী রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুর চালালে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা শাহ আলী থানায় খবর দেন। কয়েক মিনিটের মধ্যে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দলের নেতৃত্বে থাকা কর্মকর্তা হামলার বিস্তারিত ও লুটপাটের বিষয়টি ওসি জাহাঙ্গীর আলমকে জানান। এরপরও অতিরিক্ত পুলিশ পাঠাননি ওসি। হামলাকারীদের নিবৃত্ত করা বা লুটপাট ঠেকাতেও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ অভিযোগে গঠিত মিরপুর বিভাগের দারুস সালাম জোনের এডিসি সালেহ মুহম্মদ জাকারিয়ার নেতৃত্বে তদন্ত কমিটির প্রতিবেদনে ওসি জাহাঙ্গীর আলমের দায়িত্বে গাফিলতিসহ পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টি উঠে এসেছে। গত শনিবার রাতে ডিএমপি সদর দপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

গ্রেপ্তার ৬ জন কারাগারে : এ ঘটনায় ডিবি নতুন করে পাঁচজন এবং শাহ আলী থানা পুলিশ আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এই ঘটনায় মোট ১০ জন গ্রেপ্তার হয়েছে। নতুন করে গ্রেপ্তার ছয়জনকে গতকাল আদালতে হাজির করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো ছয় আসামি হলেন মো. শাহাদাত হোসেন, কাজী মকবুল হোসেন, মো. শাহ আলম, মো. আতিকুর রহমান, মো. কামরুল ইসলাম ও মো. শাকিল। এর আগে গত শুক্রবার মো. সোহেল, মো. জুয়েল, মো. জিহাদ হাসান ও মো. রাবিব নামের চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : গতকাল নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাড্ডা সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় শাহ আলী থানার ওসিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ১০ জন আসামিকে গ্রেপ্তারসহ বেশ কিছু মালামাল ও আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাড্ডা ক্লিনিক এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের  স্টুডিওতে হামলা নিয়ে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এক স্ট্যাস্টাসে লিখেছেন, এ ঘটনায় রাজনৈতিক কারণে কাউকে ছাড় দেওয়া যাবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান। স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে ডা. তাসনিম জারা সাংবাদিকদের বলেন, এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। ঘটনায় দায়ীদের বিচার, ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে সংগঠনটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত