প্রতিটি শিক্ষার্থীকেই গ্রন্থাগার ব্যবহার করতে হয়। গ্রন্থাগারে একসঙ্গে অনেকে পড়াশোনা করে বলে পড়ার পরিবেশ বজায় রাখতে মেনে চলতে হয় গ্রন্থাগারের নির্দিষ্ট শিষ্টাচার।
গ্রন্থাগার পড়াশোনার স্থান। এখানে পড়ার উদ্দেশ্যেই প্রবেশ করুন। গ্রন্থাগারে নীরবতা-ই কাম্য। তাই গ্রন্থাগারে প্রবেশের আগে মোবাইল ফোন সাইলেন্ট করে নিন। মোবাইলে একান্তই যদি কথা বলতে হয় তাহলে বাইরে এসে অনুচ্চস্বরে কথা বলুন।
দরজা দিয়ে প্রবেশ করা থেকে শুরু করে হাঁটাচলা, শেলফ থেকে বই নেওয়া, চেয়ার টেনে বসা প্রভৃতি কাজ যথাসম্ভব নীরবে করার চেষ্টা করুন।
অনেকের অভ্যাস শব্দ করে পড়া। কিন্তু গ্রন্থাগারে শব্দ করা নিষেধ। তাই গ্রন্থাগারে জোরে, জোরে বা গুনগুন করে পড়বেন না। বইয়ের পাতা উল্টানোর সময়ও যেন শব্দ না হয় সে ব্যাপারে সতর্ক থাকুন।
পড়তে পড়তে শিস দেওয়া, চেয়ার বা টেবিলে তবলা বাজানো, কলম দিয়ে শব্দ করা, টেবিলে আঁকাআঁকি করা, গেমস খেলা বা গান শোনা, অন্যের দিকে তাকিয়ে থাকা প্রভৃতি অশোভন কাজ করা থেকে বিরত থাকুন।
কাক্সিক্ষত বই খুঁজে না পেলে বইয়ের শেলফ এলোমেলো করে খুঁজবেন না। প্রয়োজনে লাইব্রেরিয়ানের সাহায্য নিন।
যে বইগুলো প্রয়োজন শুধু সেই বইগুলো টেবিলে নিন। কোনো বই অপ্রয়োজনে আটকে রাখলে যার প্রয়োজন তিনি বইটি পাবেন না।
শেলফ থেকে সতর্কতার সঙ্গে বই নামান। নইলে বই নিচে পড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। প্রয়োজনে লাইব্রেরিয়ানের সাহায্য নিন।
বিনা প্রয়োজনে নিজের ব্যাগ, ফাইল, খাতা প্রভৃতি রেখে পরিচিত মানুষের জন্য জায়গা ধরে রাখবেন না। অপরকেও পড়ার সুযোগ দিন।
কোয়ান্টাম ফাউন্ডেশনের সৌজন্যে