একজোড়া ‘ভুল’ জুতোর কারণে সোনা হারালেন যিনি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

বিজয়ী হওয়ার পরও নানা কড়া নিয়মের খড়গে পদক হাতছাড়া হওয়ার নজির বহু রয়েছে। অ্যাথলেটিক্সের বিভিন্ন প্রতিযোগিয়ায় সেগুলো মূলত ডোপিং, জালিয়াতি, বয়স কিংবা জাতীয়তা গোপন, সরঞ্জামে অবৈধ পরিবর্তন আনা, টেকনিক্যাল নিয়মের লঙ্ঘন এবং খেলাধুলার চরম অবমাননা বা অশোভন আচরণের কারণে।

তবে এবার কাজাখস্তানের রেস ওয়াকার ইয়াসমিনা তোকানবায়েভের ক্ষেত্রে যে কারণটি সামনে এসেছে, তা বেশ ব্যতিক্রমী। দুর্দান্ত পারফর্ম করে এশিয়ান গেমসের ম্যারাথনে সোনা জেতার পরও কেবল একজোড়া 'অনুমোদিত নয়' এমন জুতোর কারণে সোনালী পদক হারাতে হয়েছে তাকে।

গত রবিবার অনুষ্ঠিত উইমেন্স ম্যারাথন রেস ওয়াকিং ইভেন্টে ৩ ঘণ্টা ২২ মিনিট ২০ সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিনিশ লাইন ক্রস করেছিলেন ইয়াসমিনা। চীনের রৌপ্যজয়ী অ্যাথলেট দানজেনকুচংয়ের চেয়ে প্রায় চার মিনিট এগিয়ে থেকে তিনি যখন ফিনিশ করেন, তখন স্বর্ণপদক তার গলাতেই ওঠার কথা ছিল। কিন্তু পায়ে পরা জুতো আন্তর্জাতিক অ্যাথলেটিকস কর্তৃপক্ষের নির্ধারিত তালিকার বাইরে বা 'আনস্যাকশন্ড শু' হওয়ায় তার ফলাফল নিয়ে আপত্তি ওঠে। 

এই বিষয়ে গত সোমবার এক টেকনিক্যাল কর্মকর্তা স্পষ্ট করে বলেন, ‘অ্যাথলেটদের অবশ্যই কেবল বিশ্ব অ্যাথলেটিকস প্ল্যাটফর্মে অনুমোদিত ও তালিকাভুক্ত জুতো পরতে হবে। সে সেটি পরে ছিল না, যে কারণে আমরা বিশ্ব অ্যাথলেটিকসের কাছে লিখেছি।’ 

এই প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়ে অফিশিয়াল পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘সোনা কেড়ে নেওয়াটাই ছিল তাদের চূড়ান্ত সিদ্ধান্ত, যা আমরা অ্যাথলেটের কাছে পৌঁছে দিয়েছি। তবে জুরি বোর্ডের কাছে আপিল করার পূর্ণ অধিকার তার রয়েছে, এবং সে ইতিমধ্যেই সেই পদক্ষেপ নিয়েছে।’ 

পদক হারানোর এই তীব্র হতাশায় ভেঙে না পড়ে ইয়াসমিনা নিজের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে তিনি সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছি। আমার সেই সমস্ত সুপার-হিরোদের প্রতি অশেষ ধন্যবাদ, যারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমার পাশে থেকে লড়াই করেছে।’ 

ইয়াসমিনাকে অযোগ্য ঘোষণা করার পর পদক তালিকায় অবশ্য বড় পরিবর্তন এসেছে। নিয়মানুযায়ী চীনের দানজেনকুচং পদক পেয়ে উন্নীত হয়েছেন স্বর্ণপদকে, তার স্বদেশি মা লি জিতেছেন রৌপ্য এবং জাপানের ইউকিকো উমেনো পেয়েছেন ব্রোঞ্জ পদক। 

সর্বশেষ সর্বাধিক পঠিত