পেটেন্ট লঙ্ঘনে অ্যাপলকে ৫৭০ কোটি ডলারের ক্ষতিপূরণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ এএম

হ্যাপটিক প্রযুক্তি নিয়ে মামলায় অ্যাপলের বিরুদ্ধে বড় অঙ্কের ক্ষতিপূরণের রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল জুরি। তবে রায়ের বিরুদ্ধে আপিল করবে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

 পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে ৫৭০ কোটি ডলারেরও বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল জুরি। রায়টি বহাল থাকলে দেশটির ইতিহাসে পেটেন্ট লঙ্ঘনের অন্যতম বড় ক্ষতিপূরণের ঘটনা হিসেবে এটি বিবেচিত হবে।

স্যান ডিয়েগো-ভিত্তিক গেমিং পেরিফেরাল নির্মাতা প্রতিষ্ঠান ট্যাকশন ২০২১ সালে অ্যাপলের বিরুদ্ধে মামলাটি করে। তাদের অভিযোগ, হ্যাপটিক ফিডব্যাক প্রযুক্তি নিয়ে তাদের দুটি পেটেন্ট অনুমতি ছাড়াই ব্যবহার করেছে অ্যাপল। বিশেষ করে বিভিন্ন আইফোন ও অ্যাপল ওয়াচে ব্যবহৃত প্রতিষ্ঠানের নিজস্ব ‘ট্যাপটিক ইঞ্জিন’ নিয়ে আপত্তি তোলে ট্যাকশন। ২০২৩ সালে একটি ফেডারেল আদালত মামলাটি খারিজ করে দিলেও পরে আপিল আদালতের আদেশে তা পুনরায় বিচারাধীন হয়। শুক্রবারের রায়ে জুরি জানায়, অ্যাপল অনিচ্ছাকৃতভাবে ট্যাকশনের দুটি পেটেন্ট লঙ্ঘন করেছে। তবে জুরির সিদ্ধান্ত এবং ক্ষতিপূরণের অঙ্ক দুটিই প্রত্যাখ্যান করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে। ফলে শেষ পর্যন্ত অ্যাপলকে কত অর্থ পরিশোধ করতে হবে, তা এখনো নিশ্চিত নয়।

হ্যাপটিক প্রযুক্তি নিয়ে এর আগেও ইমার্শনের সঙ্গে আইনি বিরোধে জড়িয়েছিল অ্যাপল। এছাড়া অ্যাপল ওয়াচের রক্তে অক্সিজেন পরিমাপ প্রযুক্তি নিয়ে মাসিমোর করা পৃথক মামলাতেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৬৩ কোটি ৪০ লাখ ডলারের ক্ষতিপূরণের রায় হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত