ডাইনোসরের পর পর বাদুড়ের আবির্ভাব

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ এএম

বাদুড়ের আবির্ভাব কবে, তা নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল। তবে বাদুড়ের পুরনো যে জীবাশ্ম আবিষ্কার হয়েছে, তার বয়স ৫ কোটি ২০ লাখ বছর। কিন্তু এরও আগে বাদুড় এসেছে পৃথিবীতে। প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয় ডাইনোসর। ডাইনোসর পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার পর পর আবির্ভাব হয় বাদুড়ের। প্রায় ৬ কোটি ৫০ লাখ বছর আগে এরা পৃথিবীতে এসেছিল। এতদিন মনে করা হতো উত্তর আমেরিকা, এশিয়া বা আফ্রিকা মহাদেশে বাদুড়ের আবির্ভাব হতে পারে। তবে গবেষণা বলছে, ইউরোপে এদের প্রথম আবির্ভাব হয়েছিল। তারপর ছড়িয়ে পড়ে বিশ্বের অন্য প্রান্তে। পৃথিবীজুড়ে বাদুড়ের এত প্রজাতি ছড়িয়ে থাকলেও তাদের বিবর্তনের ইতিহাস বোঝা বেশ কঠিন। কারণ এদের জীবাশ্ম খুব বেশি পাওয়া যায়নি। এবার সেই ধোঁয়াশা কাটাতে বাদুড়দের ১০৩টি প্রজাতির জিনোম এবং ৪৪টি বাদুড়ের জীবাশ্ম বিশ্লেষণ করে দেখেছেন বিজ্ঞানীরা। গবেষক দলের নেতৃত্ব দেন স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোঞ্জা ভার্নেস, ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের অধ্যাপক এমা টিলিং এবং আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির বিবর্তনীয় জীববিজ্ঞানের গবেষক আরিয়াদনা মোরালেস। সম্প্রতি ‘নেচার’ জার্নালে তাদের গবেষণাটি প্রকাশিত হয়। আন্টার্কটিকা ছাড়া পৃথিবীর সর্বত্র এই প্রাণী রয়েছে। তবু তাদের জীবাশ্ম খুব বেশি পাওয়া যায়নি। সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, বিবর্তনের ইতিহাস শুরুর দিকে তারা বিকশিত হয়েছিল। বন্য পরিবেশে তারা ১০/২০ বছর বাঁচে। তবে প্রজাতি ভেদে, বাদুড়ের আয়ুর পার্থক্য রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত