বগুড়ায় বউয়ের সঙ্গে রাগ করে শাশুড়ির আত্মহত্যা 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

বগুড়ার গাবতলী উপজেলায় সাজেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত সাজেদা বেগম ওই এলাকার মৃত ফজলুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার সময় নিজ ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন সাজেদা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দিলে গাবতলী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে ছেলের বউয়ের সঙ্গে সাজেদার মাঝেমধ্যে কথা-কাটাকাটি হতো। ঘটনার দিন খাবার দিতে কিছুটা দেরি হওয়াকে কেন্দ্র করেও পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এ ঘটনার পর অভিমান থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব জানান, সাজেদা বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। পারিবারিক বিষয় নিয়ে মাঝেমধ্যে তার মধ্যে অস্থিরতা দেখা দিত। পরিবারটি অত্যন্ত দরিদ্র। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত