মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে আসিয়ান

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

মিয়ানমারের চলমান সংঘাত বন্ধে পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নেতারা। রোববার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।  

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ানের বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন মার্কোস। সম্মেলন শেষে তিনি জানান, মিয়ানমার সংকট মোকাবিলায় জোটের ১১টি সদস্যদেশ ‘গঠনমূলক ও নীতিনিষ্ঠ যোগাযোগ’ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মিয়ানমারের সামরিক সরকারের নেতাদের আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণের ওপর গত পাঁচ বছর ধরে যে নিষেধাজ্ঞা রয়েছে, তা শিথিল করার বিষয়ে জোটের ওপর চাপ বাড়ছে। বিশেষ করে থাইল্যান্ডসহ কয়েকটি সদস্যদেশ সামরিক সরকারের সঙ্গে যোগাযোগ বাড়ানোয় এ আলোচনা নতুন গতি পেয়েছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর সংঘাত কমাতে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের সামরিক নেতাদের আসিয়ানের শীর্ষ সম্মেলন থেকে বাদ দেওয়া হয়। তবে সামরিক বাহিনীর সমর্থনে গঠিত সরকার এখন আসিয়ানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে।

নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ২০২১ সালে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা চলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই সংঘাতে এ পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ৩৫ লাখের বেশি মানুষ।

অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সাবেক জান্তাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সামরিক সরকার চীন, ভারত ও রাশিয়ার সমর্থন পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক অঙ্গনেও সরকারটির স্বীকৃতি বাড়ছে। এ ছাড়া ট্রাম্প প্রশাসন দীর্ঘদিনের কূটনৈতিক বিচ্ছিন্নতার অবস্থান থেকে সরে আসায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে গোপন আলোচনাও হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্মেলনে মার্কোস আশা প্রকাশ করেন, আসিয়ান মিয়ানমারের জন্য নেওয়া শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন, চলমান সংকটে পরিবারগুলো বাস্তুচ্যুত হচ্ছে, সামাজিক কাঠামো ভেঙে পড়ছে এবং দেশটির তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে মিয়ানমারের জন্য আসিয়ান আরও কী করতে পারে, তা নেতাদের বিবেচনা করা উচিত।

সহিংসতা বন্ধের পাশাপাশি আসিয়ানের পাঁচ দফা পরিকল্পনায় সংঘাতের সব পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ, জোটের মধ্যস্থতায় সমাধানের উদ্যোগ এবং মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে মিয়ানমারবিষয়ক আসিয়ানের বিশেষ দূত ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো শনিবার জানিয়েছেন, মিয়ানমারের বিষয়ে আসিয়ানের বর্তমান অবস্থান শিথিল করার কোনো পরিকল্পনা নেই।

তবে পাঁচ দফা শান্তি পরিকল্পনা পর্যালোচনা এবং আসিয়ানের বিভিন্ন বৈঠকে মিয়ানমারের অংশগ্রহণ নিয়ে একাধিক প্রস্তাব এখনো আলোচনায় রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জোটের সদস্যদেশগুলোর নেতারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত