দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে স্থানীয় ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করতে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিদেশি কাঁচামাল-নির্ভরতা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ঢাকা অফিস থেকে জানানো হয়েছে। শিল্পগোষ্ঠী টি কে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স লিমিটেডকে এই ঋণ দিচ্ছে সংস্থাটি। এডিবি ও মডার্ন সিনটেক্সের মধ্যে চুক্তি অনুযায়ী, এই অর্থ দিয়ে চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে পলিয়েস্টার চিপস উৎপাদন বাড়িয়ে দৈনিক ৪০৭ টনে উন্নীত করা হবে। এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য হলো কাঁচামাল উৎপাদনের পাশাপাশি আধুনিক ও বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি পুরোপুরি পরিবেশবান্ধব কারখানা গড়ে তোলা।
চুক্তি অনুযায়ী, এই অর্থায়নের মাধ্যমে মডার্ন সিনটেক্স তাদের পলিয়েস্টার চিপস উৎপাদন ক্ষমতা দৈনিক ১০৭ টন থেকে বাড়িয়ে ৪০৭ টনে উন্নীত করবে। পাশাপাশি স্থানীয় স্বল্পমেয়াদি ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ পুনঃঅর্থায়ন করা হবে। নতুন এই সম্প্রসারিত কারখানাটিতে উচ্চমানের টেক্সটাইল ও তৈরি পোশাক তৈরিতে ব্যবহৃত উচ্চ মানের পলিয়েস্টার চিপস তৈরি করা হবে।
এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ঝিংফেন জিয়াং জানান, বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল ও তৈরি পোশাক খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এ খাতকে কৃত্রিম সুতা ও কাঁচামালের জন্য আমদানির ওপর অনেকাংশে নির্ভর করতে হয়। এডিবির এই দীর্ঘমেয়াদি অর্থায়ন মডার্ন সিনটেক্সকে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, সরবরাহ-ব্যবস্থা শক্তিশালী করা এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য তৈরিতে ব্যাপকভাবে সহায়তা করবে। এ ছাড়া চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ আকর্ষণেও এটি বিশেষ অবদান রাখবে বলে জানান তিনি।