ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী পেলেন ক্ষতিপূরণ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ এএম

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী পেলেন ৩ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকার চেক।  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা এবং ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ডের (আইপিএফ) আওতায় যাচাই করা প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার অংশ হিসেবে এ চেক বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রথম দফায় ১২২ জনের মধ্যে এসব চেক বিতরণ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী দিনগুলোতেও সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চেক বিতরণ কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের চেক সংগ্রহের তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ডিএসই।

জানা গেছে, পুঁজিবাজারে পাঁচটি ডিফল্টার ব্রোকারেজ হাউজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু করেছে ডিএসই। বিনিয়োগকারী সুরক্ষা তহবিল বা আইপিএফ থেকে পর্যায়ক্রমে ১৭ হাজার ৩৩২ জন বিনিয়োগকারী তাদের অর্থ ফেরত পাবেন। এসব ব্রোকারেজ হাউজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী মোট ১৭ হাজার ৯২৫ জন। যা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর প্রায় ৯৭ শতাংশ। পাঁচটি সিকিউরিটিজ হাউজে ৪৯২ কোটি টাকার আর্থিক অস্বচ্ছতার ঘটনায় মোট ১৭ হাজার ৯৬৭ জন বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ ফেরতের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের যাচাই করা দাবির বিপরীতে পর্যায়ক্রমে অর্থ পরিশোধ করা হচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও প্রাপ্য অর্থ ফেরতের পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর আগে ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। অনুষ্ঠানে প্রাথমিকভাবে মশিহর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের হাতে অর্থের চেক তুলে দেওয়া হয়। যার ধারাবাহিকতায় কার্যক্রম চলমান রয়েছে বলে ডিএসইর পক্ষ থেকে বলা হয়েছে।

ডিএসই জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একই আইনের আওতায় পর্যায়ক্রমে বাঙ্কো সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো. লিমিটেডের বিনিয়োগকারীদের যাচাই করা দাবির অর্থও পরিশোধ করা হবে। এর মাধ্যমে যাচাই করা দাবির বিপরীতে বিনিয়োগকারীদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত