তুরাগ নদে নিখোঁজের একদিন পর ২ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে টঙ্গীর বউবাজারের নদীরপাড় এলাকা থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হলো টঙ্গী বউবাজার এলাকার আবু ইউনুস ও একই এলাকার নীরব। তারা টঙ্গীর একটি শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয়রা জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর তুরাগ নদের গোসল করতে যায় ইউনুস ও নীরবসহ কয়েকজন। গোসল করার একপর্যায়ে নীরব নদের পানিতে তলিয়ে যেতে থাকে। বিষয়টি বুঝতে পেয়ে নীরবকে বাঁচাতে গিয়ে ইউনুসও পানিতে ঝাঁপ দেয়। পরে নদের তীব্র স্রোতে দুজনেই ভেসে গিয়ে নিখোঁজ হয়। বুধবার সন্ধ্যায় স্থানীয়রা কাছে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে আলোর স্বল্পতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাতে উদ্ধার কাজ স্থগিত করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রাসেল মামুন জানান, তুরাগ নদে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। এক পর্যায়ে ঘটনাস্থলের পাশেই প্রথমে আবু ইউনুস ও কিছু সময় পর আধ কিলোমিটার দূরে নীরবের মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, দুই শিশুর পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুইটি হস্তান্তর করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত