সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় রেকর্ড পরিমাণ ৬০,৭২২ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৬২৯ টাকার ১৯টি ক্রয়প্রস্তাব অনুমোদন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের ৪৭তম সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সভাশেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত ক্রয় প্রস্তাবের মধ্যে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-১ ও লাইন-৫-এর ভূগর্ভস্থ এবং উড়ালপথের স্টেশন, ডিপো, ট্র্যাক এবং বৈদ্যুতিক ও সংকেত ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে ৫৮,৪৭৭ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার ১৩৮ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্পর্কিত মোট ৮টি (বিবিধ ৩টিসহ) প্রস্তাব সভায় অনুমোদনের জন্য পেশ করা হয়। এ ছাড়াও সভায় সার কিনতে কৃষি মন্ত্রণালয়ের ৪টি প্রস্তাবের ব্যয় ১,৪৪৫ কোটি ৪৩ লাখ ১ হাজার ৬৮৫ টাকা এবং সার ক্রয়ে শিল্প মন্ত্রণালয়ের ৩ প্রস্তাবের বিপরীতে ৬৬০ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ৪৫২ টাকা অনুমোদিত হয়।
সভায় অনুমোদিত অন্য দুটি প্রস্তাবের মধ্যে একটি হলো ‘সমাপ্ত ৪র্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবার অসমাপ্ত কার্যাবলি বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ইউনিট সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) ক্রয়ের প্রস্তাব। ব্যয় হবে ৯৬ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা। অন্যটি হলো ই-জিপি সিস্টেমের উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য পরামর্শক সেবা ৪২ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৬০৪ টাকা ব্যয়ের অনুমোদন। বাস্তবায়ন হবে ১ অক্টোবর, ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৭ মেয়াদের মোট ১২ (বার) মাস সময়ে। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া।
বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ অর্থায়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃক বাস্তবায়নাধীন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) ও (লাইন-৫) এর ভূগর্ভস্থ ও উড়ালপথ স্টেশন, ডিপো, ট্র্যাক, ভবন এবং বৈদ্যুতিক ও সংকেত ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে ৮টি পৃথক ক্রয় প্রস্তাবের বিপরীতে ৫৮,৪৭৭ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার ১৩৮ টাকার ব্যয় অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ ছাড়া, সার কিনতে শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের পৃথক ৭ ক্রয় প্রস্তাবের বিপরীতে ২১০২ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ১৩৭ টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়।
এর বাইরে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড কর্তৃক স্থাপিত আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের জন্য ২য় সংশোধিত ট্যারিফ (ক্রয়মূল্য কাঠামো) অনুমোদন দেওয়া হয়। এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি ইউনিট কেনা হবে ৪ দশমিক ৬৯ সেন্ট বা ৫ টাকা ৭৬ পয়সা দরে।