লিটনসহ ৩৪ আসামিকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:১২ এএম

গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়। এ মামলায় খায়রুজ্জামান লিটনসহ মোট আসামি ৩৮ জন। তাদের মধ্যে রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ চার আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ ৩৪ আসামি এখনো পলাতক। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ দেশ রূপান্তরকে বলেন, ৩৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেছে আদালত।

সর্বশেষ সর্বাধিক পঠিত