সামন্য বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০২:১২ পিএম

রাজধানীতে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও তীব্র যানজট সৃষ্টি হওয়া একটি দীর্ঘস্থায়ী সমস্যা, যা নগরবাসীর দৈনন্দিন জীবনকে চরম ভোগান্তিতে ফেলছে। 

শুক্রবার (২ অক্টোবর) সকালে হওয়া বৃষ্টিতেও ঢাকার বেশ কিছু এলাকার রাস্তায় পানি জমে যাওয়ার খবর পাওয়া গেছে, যার ফলে ছুটির দিনেও যানবাহন চলাচলের গতি ধীর হয়ে গেছে।

সকাল থেকে থেমে থেমে হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে গেছে। বিশেষ করে নগরীর গ্রিন রোড ও নিউমার্কেটের সামনের সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রকৃতি থেকে এখন মৌসুমি বায়ুর চলে যাওয়ার সময়। এ অবস্থায় আবহাওয়া কিছুটা বিশৃঙ্খল। স্থানীয়ভাবে তৈরি হওয়া এমন মেঘে তাই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও তেমনটাই ঘটেছে। আজ দেশের তিন বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আজ সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি চট্টগ্রাম ও বরিশালেও বৃষ্টি বেশি হতে পারে। আর ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানমন্ডি, বিমানবন্দর সড়কের নিকুঞ্জ এলাকা, প্রগতি সরণি, মিরপুর এলাকা, মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনসহ বিভিন্ন এলাকার সড়কগুলোতে জলজটের সৃষ্টি হয়। মিরপুর ১০ নম্বর এলাকার সড়কে পানির কারণে বিভিন্ন যান অচল হয়ে আটকে আছে।

স্থানীয় বাসিন্দা বলেন, অল্প বৃষ্টিতে মিরপুরের সড়কগুলো তলিয়ে যায়। বৃষ্টি একটু বেশি হলেই কোমর পানিও দেখা যায় সড়কে। মূলত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি যাওয়ার কোনো পথ নেই। সিটি করপোরেশনের উদসীনতায় রাজধানীতে এই জলাবদ্ধতা বলে আভিযোগ পথচারীদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত