চট্টগ্রামে একটি মাইক্রোবাস থেকে নেমে হাতে ব্যানার-পোস্টার নিয়ে মিছিল শুরু করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু যুবক। এসময় ধাওয়া দিয়ে অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিভাবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরের সিআরবি এলাকা থেকে তাদের আটক করা হয়। এঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, জুমার নামাজের পর মাইক্রোবাসটিতে করে সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে আসেন ওই যুবকেরা। এরপর মিছিলও শুরু করেন। তবে ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি টহল দল ছিল। টহল দলের সদস্যরা ধাওয়া দিতেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আটক যুবকেরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।