নরসিংদীতে আধিপত্য বিস্তারের জেরে হামলায় যুবক নিহত

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের হামলার সময় গুলিতে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন রুবেল (৩০) ও মিরাজ (২০) নামে আরও দুইজন।

শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৫টার দিকে শহরের চৌয়ালা মহল্লার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুলাহ চৌয়ালা এলাকার আব্দুল কাদিরের ছেলে ও পেশায় ফুচকা বিক্রেতা। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর এ আল মামুন। 

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লাল ও হেলাল নামে স্থানীয় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আগে আবু লাল এবং হেলাল একই অপরাধী চক্রে যুক্ত ছিল। উভয় গ্রুপের সদস্যদের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এবং এলাকাভিত্তিক আধিপত্য, ছিনতাই ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।

এ নিয়ে শুক্রবার বিকালে আবু লাল গ্রুপের লোকজন বাড়িতে ঢুকে হামলা চালিয়ে আব্দুল্লাহ ওরফে বাবুকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় বাবুর বড় ভাই রুবেল ও অপর পক্ষের মিরাজ। ঘটনার পরপর গুলিবিদ্ধ বাবুকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ সাপেক্ষে আইনগত পদক্ষেপ ও জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আহত মিরাজকে আটক করা হয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত