চাঁদপুরের বাজে মাঠে জয়ে শুরু মোহামেডানের

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০১:০০ এএম

নতুন মৌসুমের শুরুটা জয় দিয়ে করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ লিগের ম্যাচে গতকাল শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে লড়াই। তবে ১৮ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় মোহামেডান। উজবেক মিডফিল্ডার ও অধিনায়ক মোজাফফরভের নেওয়া কর্নার থেকে দারুণ হেডে বল জালে পাঠান জাহিদ শান্ত। শেষ পর্যন্ত তার সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করে ফকিরেরপুল। একাধিকবার মোহামেডানের রক্ষণে চাপও তৈরি করে তারা। তবে গোলের দেখা পায়নি দলটি। বিশেষ করে মোহামেডানের নতুন গোলরক্ষক আনিসুর রহমান জিকো নিজের অভিষেক ম্যাচেই নজর কাড়েন। প্রথমার্ধে ফকিরেরপুলের দুটি ভালো আক্রমণ ঠেকিয়ে দলকে এগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

চলতি লিগে এটি ফকিরেরপুলের দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে সোলাইমান সিল্লার জোড়া গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছিল দলটি। মোহামেডানের বিপক্ষেও গোলের সুযোগ পেয়েছিলেন সিল্লা ও সাইফ। তবে ফিনিশিংয়ের দুর্বলতায় সুযোগগুলো কাজে লাগাতে পারেননি তারা। গত বছরের জানুয়ারিতে মোহামেডানকে হারিয়ে পেশাদার যুগে সাদাকালোদের বিপক্ষে নিজেদের প্রথম জয় পেয়েছিল ফকিরেরপুল। এবার সেই হারের প্রতিশোধ নিল মোহামেডান।

তবে ম্যাচের ফলের চেয়েও আলোচনায় এসেছে চাঁদপুর জেলা স্টেডিয়ামের মাঠ। মাঠের বিভিন্ন জায়গায় ঘাস নেই। কোথাও মাটি এবড়োখেবড়ো, আবার কোথাও অসমান। এমন মাঠে পেশাদার ফুটবলের ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। পেশাদার ফুটবলে মাঠের মান খেলোয়াড়দের পারফরম্যান্স ও ম্যাচের সৌন্দর্যেও পাশাপাশি নিরাপত্তার সঙ্গেও জড়িত। অথচ চাঁদপুরের এমন বেহাল মাঠেই খেলতে হচ্ছে দলগুলোকে। ফলে জয় পেলেও মোহামেডানের ম্যাচের আলোচনায় বড় জায়গা করে নিয়েছে মাঠের অবস্থা।

এদিন লিগের অন্য ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। আর বাংলাদেশ পুলিশ ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসিকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত