মিরপুরে ফুটপাত ফাঁকা স্বস্তিতে চলাচল

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ এএম

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকার ফুটপাতের হকারদের উচ্ছেদের পর স্বস্তিতে চলাচল করতে পারছেন পথচারীরা। ফাঁকা ফুটপাতে নেই হকারদের দৌরাত্ম্য। নির্বিঘ্নে হেঁটে যাচ্ছেন পথচারীরা। যত্রতত্র পার্ক করা গাড়ির সংখ্যাও কমে গেছে। ফলে যানজটও নেই। তবে দোকান না বসালেও আশপাশে আনাগোনা দেখা গেছে হকারদের। তারা মূলত পুলিশের গতিবিধিসহ পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।

পরিস্থিতি ঠিকঠাক মনে হলে আবার ফুটপাতে দোকান বসানোর পরিকল্পনা রয়েছে তাদের। উচ্ছেদ অভিযানকে ঘিরে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় হকারদের হয়রানি করার অভিযোগ উঠেছে। হকারদের দাবি, রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের চাঁদা দিয়েই তারা এতদিন দোকানদারি করেছেন। এখন কেউ দায় নিচ্ছে না। যেসব হকার সংঘর্ষে জড়িয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, সিসিটিভি ফুটেজ দেখে তাদের আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন। সংঘর্ষে সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ও পুলিশ বক্সে হামলায় মিরপুর মডেল ও কাফরুল থানায় দায়ের করা চার মামলায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সরেজমিনে মিরপুরের ১০ নম্বর ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাত একেবারেই ফাঁকা। আগে যেখানে সকাল থেকে হকাররা পসরা সাজিয়ে বসতেন, সেখানে কোনো হকার নেই। দুয়েকটি টং দোকানের খাঁচা থাকলেও তাতে কোনো জিনিসপত্র দেখা যায়নি। কিছু হকারকে আশপাশ দিয়ে ঘুরে ঘুরে অবস্থা পর্যবেক্ষণ করতে দেখা গেছে। ফুটপাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরার সুবিধা পাওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। পথচারী লোকমান শেখ বলেন, ১০ বছর ধরে তিনি মিরপুর গোলচত্বর দিয়ে যাতায়াত করেন। আগে কখনো এরকম ফাঁকা ফুটপাত দেখেননি তিনি। ‘হকার না থাকায় গত দুদিন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছি’, বলেন তিনি। তবে এরকম বেশি দিন থাকে কি না, তা নিয়ে সন্দিহান তিনি। তার কথা, ‘কেননা, এর আগেও এ এলাকাসহ অনেক এলাকার ফুটপাতে হকার উচ্ছেদ করা হয়েছিল। উচ্ছেদের পরপর বা কয়েকদিন পর ফের দখলে নিয়েছে হকাররা।’ 

বিহঙ্গ পরিবহনের একটি বাসের চালক কায়কোবাদ বলেন, ‘মিরপুর-১৪ থেকে শেওড়াপাড়া পর্যন্ত ফুটপাতে বসার পর মূল সড়কেও বসতেন হকাররা। একে তো জনজট, আবার সড়কে দোকান। ফলে এটুকু পথ পারি দিতে কখনো ঘণ্টাখানেক সময় লেগে যেত। কিন্তু গত দুদিন (বৃহস্পতি ও শুক্রবার) সড়ক একদম ফাঁকা। নির্বিঘেœ গাড়ি চালাতে পারছি।’

এক যাত্রী বলেন, ‘মিরপুর গোলচত্বর পার হতেই আধা ঘণ্টা সময় লেগে যেত।’ উচ্ছেদকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষ এরকম ঢাকাই চাই। যেখানে আরামে চলাফেরা করা যাবে।’ 

উচ্ছেদের পর শেওড়াপাড়া থেকে মিরপুর-১৪, গোলচত্বর থেকে কাফরুলে যাওয়া-আসার সড়কে গাড়ি পার্ক করার প্রবণতাও কমে গেছে। ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, বিগত সময়ে এ এলাকায় হকারদের দোকান, দোকানে মালামাল কিনতে আসা ক্রেতা, সাধারণ মানুষ আর যানবাহনের চাপে ঠাসা ছিল। যানজট সামলাতে হিমশিম খেতে হতো। তাগাদা দিলে কিংবা মামলার ভয়ে যান্ত্রিক যান দ্রুত চলে যেত ঠিকই। কিন্তু হকার ও তাদের দোকানে আসা ক্রেতাদের তো ফোর্স করে সরানো যেত না। ফলে দিন-রাত যানজট লেগেই থাকত। এখন মানুষজন, যানবাহন নির্বিঘেœ চলাচল করছে। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারে সব স্থানেই কমবেশি যানজট থাকে। কিন্তু গত বৃহস্পতিবার এ এলাকায় আগের তুলনায় যানজট কমই ছিল। কারণ একটাই- ফুটপাত দখলমুক্ত। এতে ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝেও কিছুটা স্বস্তি ফিরেছে। 

হকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুটপাতে বসতে দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় তারা ক্ষুব্ধ। তাদের কারও কারও আয়ের প্রধান উৎস ছিল ফুটপাত, আবার রাজনৈতিক দলের নেতারা দখলে নিয়ে লোক দিয়ে দোকান বসাতেন। শুক্রবার গোলচত্বর, মেট্রো স্টেশন ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। ফুটপাতে স্থায়ী কোনো স্থাপনা কিংবা দোকান দেখা যায়নি। তবে উচ্ছেদের পরও কয়েকটি চৌকিকে লোহার শিকল দিয়ে আশপাশের বিভিন্ন স্থাপনার সঙ্গে তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। আজ শনিবারের মধ্যে হকাররা যদি সরিয়ে না নেয়, তাহলে রবিবার সেগুলো তুলে নিয়ে ফেলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিটি কপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক।

ফুটপাত ধরে কিছুটা সামনে এগোলে দু-একজন হকারকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও তাদের স্থায়ীভাবে চৌকি পেতে বা পণ্য সাজিয়ে বসতে দেখা যায়নি। ফুটপাত নিয়ে আলাপ করতে দেখা গেছে তিন ব্যক্তিকে। তারা জানান, গোলচত্বরের পূর্ব পাশের ফুটপাতে তাদের দোকান ছিল। দোকানের আয় দিয়েই তাদের সংসার চলত। বুধবার থেকে একটা টাকাও ইনকাম নেই। কীভাবে চলবেন বুঝতে পারছেন না। তাদের বক্তব্য, তাদের উঠিয়ে দিলেও সমস্যা নেই। তবে স্থান নির্ধারণ করে বসার সুযোগ করে দেওয়া হোক, সরকার স্থায়ী পুনর্বাসন করুক।

গোলচত্বর থেকে মিরপুর-১৪ নম্বরের দিকে যেতে কয়েকজনের আনাগোনা দেখা গেছে। জানতে চাইলে তারা প্রথমে হকার নন বলে জানান। পরক্ষণেই হকার পরিচয় দেন এবং নাম প্রকাশ না করে তাদের একজন বলেন, বেশ কয়েক বছর ধরে তিনি ওই এলাকায় বাচ্চাদের ড্রেস বিক্রি করে আসছিলেন। রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের দৈনিক এবং সাপ্তাহিক চাঁদা দিয়েই দোকান করতেন। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও টাকা নিতেন। তিনি বলেন, ‘মধু সবাই খাইতেন, কিন্তু এখন কেউ আমাদের দায়িত্ব নেয় না। আওয়ামী লীগের আমলে আমাদের বলা হতো, আমরা বিএনপির লোক, এখন বিএনপির আমলে আমাদের আওয়ামী লীগের তকমা দেওয়া হচ্ছে।’ 

আরও কয়েকজন হকার জানিয়েছেন, ‘বিভিন্ন সময়ে যেসব নেতাকর্মী ফুটপাত থেকে চাঁদা নিতেন, তারাই গত বুধবার পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে একত্রিত হয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। অথচ চাঁদার ভাগ বিভিন্ন সেক্টরে যেত, থানা-পুলিশও লাইনম্যান দিয়ে দৈনিক টাকা নিতো।’ 

আরেক হকার বলেন, সামনে লোক আছে। পুলিশ আসতে দেখলে খবর দেবে। তবু যদি রক্ষা না হয়, মাইর খাওয়া লাগবে আরকি।

৪ মামলায় গ্রেপ্তার ২৭ : ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা হয়েছে। মিরপুর মডেল থানায় তিনটি, কাফরুল থানায় একটি। পুলিশ বাদী হয়ে দুটি এবং ডিএনসিসির কর্মকর্তারা বাদী হয়েছেন দুটি মামলার। চার মামলায় মোট আসামি ২ হাজার। আসামিদের মধ্যে ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত এজাহারভুক্ত একজনসহ মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘সিটি করপোরেশন বাদী হয়ে গাড়ি পোড়ানোর ঘটনায় একটি, পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি এবং ট্রাফিক পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। তিন মামলায় অজ্ঞাতপরিচয়ের আসামি ৪০০ থেকে ৫০০ জন। ২৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন এজাহারভুক্ত আসামি রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। আর হকাররা যেন ফুটপাতে বসতে না পারেন, সেজন্য আমাদের পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।’ 

কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিটি করপোরেশনের গাড়ি পোড়ানোর অভিযোগে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করেছে। এতে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত