জসিমের প্রয়াণ দিবস আজ

‘গব্বর সিং’ থেকে রুপালি পর্দার নায়ক

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ এএম

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে খলনায়ক থেকে সফল ও জনপ্রিয় নায়কের অনন্য উদাহরণ চিত্রনায়ক জসিম। ঢালিউডে নতুন ধারার অ্যাকশনের প্রবর্তক এই কিংবদন্তি অভিনেতার ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ৮ অক্টোবর। ১৯৯৮ সালের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অকালেই মারা যান তিনি।

বাংলা চলচ্চিত্রের এই ক্ষণজন্মা অভিনেতার আসল নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্ম নেওয়া জসিম ১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন তিনি।

১৯৭৩ সালে চলচ্চিত্রে পা রেখে দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ ছবিতে গব্বর সিং চরিত্রে খল অভিনয় করে ব্যাপক আলোড়ন তোলেন তিনি। দীর্ঘদিন খলনায়ক হিসেবে একক আধিপত্য বজায় রাখার পর দেলোয়ার জাহান ঝন্টুর ‘সবুজ সাথী’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। বিশেষ করে শাবানা ও রোজিনার সঙ্গে তার জুটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএফডিসির সর্ববৃহৎ ২ নম্বর ফ্লোরটিকে ‘জসিম ফ্লোর’ নামকরণ করা হয়েছে। প্রয়াণ দিবসে ঢালিউডের এই অভিনেতার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

সর্বশেষ সর্বাধিক পঠিত