জলবায়ু নীতি কার্যকর প্রকল্পে রূপ দিতে হবে : পরিবেশমন্ত্রী

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ এএম

জাতীয় জলবায়ু নীতি ও পরিকল্পনাকে সমন্বিত কর্মসূচি, মানসম্মত প্রকল্প, উপযুক্ত অর্থায়ন এবং পরিমাপযোগ্য ফলাফলে রূপ আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, প্রতিটি বড় বিনিয়োগে সংশ্লিষ্ট এলাকার জলবায়ু পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি। আজকের উন্নয়নমূলক সিদ্ধান্ত আগামী কয়েক দশকের জলবায়ু ঝুঁকি নির্ধারণ করবে। গতকাল বুধবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬ -এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বিসিডিপি ওয়েব পোর্টাল উদ্বোধন করেন। এই ডিজিটাল পোর্টালে রিয়েল-টাইম প্রকল্প পর্যবেক্ষণের মাধ্যমে জলবায়ুসম্পর্কিত প্রকল্প ও বিনিয়োগের তথ্য ব্যবস্থাপনা, স্বচ্ছতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন পাইপলাইন প্রক্রিয়া আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অভিযোজনমূলক বিনিয়োগ অনেক ক্ষেত্রে সরাসরি আয় সৃষ্টি না করলেও গুরুত্বপূর্ণ জনকল্যাণ নিশ্চিত করে। জলবায়ু অর্থায়নের কাঠামোতে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও আর্থিক সক্ষমতার প্রতিফলন থাকতে হবে। তিনি পরিচ্ছন্ন জ্বালানি ও টেকসই অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগের আহ্বান জানান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, যুগ্ম সচিব মুনিরা সুলতানা প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত