গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়ক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে যায়। একটি গেটের বাইরে গাছে লেগে বিস্ফোরিত হয় এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিস্ফোরিত হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, ৮ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান হবে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গোপালগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্যদের। কোনো একটি দুষ্কৃতকারী মহল পরিকল্পিতভাবে এ অনুষ্ঠানের আগমুহূর্তে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এমন ঘৃণিত সন্ত্রাসমূলক কার্যক্রম চালিয়েছে। ককটেল হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এই ছাত্রদল নেতা।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।