দশ বছর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছেন নিক ম্যাডিনসন। ক্যানসার জয়ের মতো কঠিন লড়াই পেরিয়ে লাল বলের বাইশ গজে পা রাখার স্বপ্নীল প্রত্যাবর্তনটা অবশ্য রূপ নিতে পারেনি ব্যাটের কথায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে ওপেনিংয়ে নেমে বিশ্ব ক্রিকেটের এক অপ্রত্যাশিত রেকর্ডের জন্ম দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার, ৩৩ বল খেলে কোনো রান না করেই ফিরেছেন প্যাভিলিয়নে, যা টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার ওপেনার হিসেবে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রান বা 'ডাক'-এর রেকর্ড।
ম্যাডিনসনের এই প্রত্যাবর্তন ক্রিকেট মহলে শুরু থেকেই ছিল তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত বছর অণ্ডকোষের ক্যানসার থেকে সুস্থ হয়ে কেমোথেরাপির দীর্ঘ লড়াই পেরিয়ে মাঠে ফেরা এই ব্যাটার ২০২৫ সালের মার্চের পর কোনো প্রথম শ্রেণির ম্যাচই খেলেননি।
তা সত্ত্বেও ক্যামেরন গ্রিন ও জশ ইংলাসের ইনজুরির সুবাদে জর্জ বেইলির নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল তাকে আচমকাই দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে এবং প্রথম একাদশে ওপেনার হিসেবে মাঠে নামায়। নির্বাচকদের এমন আকস্মিক ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ফিল জ্যাকস এবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে কড়া সমালোচনা করে বলেছিলেন, ‘এই সিদ্ধান্তটা আমার কাছে মোটেও বোধগম্য হচ্ছে না।’ ম্যাচের আগে ফক্স স্পোর্টসের বিশ্লেষণে নিজেদের বিস্ময় প্রকাশ করে অস্ট্রেলিয়ার সাবেক গ্রেট ব্রেন্ডন জুলিয়ান মন্তব্য করেন, ‘সবচেয়ে বড় চমক হলো নিক ম্যাডিনসন এখন দলে রয়েছে। সে এক বা পাঁচ নম্বরে ব্যাট করবে কি না আমি নিশ্চিত নই, তবে এটি আমার জন্য এক বিশাল চমক।’
ডারবানের পিচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া ও মার্কো ইয়ানসেনদের আক্রমণাত্মক গতির মুখে শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখে পড়েন ম্যাডিসন। ট্রাভিস হেডের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে তিনি ক্রিজে টিকে থাকার লড়াই চালালেও রান সংগ্রহ করতে রীতিমতো হিমশিম খান। একের পর এক বল ডিফেন্ড করে শেষ পর্যন্ত ৩৩তম বলে মার্কো ইয়ানসেনের বলে ভুল শট খেলে বোল্ড হয়ে ফেরেন ম্যাডিনসন। টেস্ট ক্রিকেটে বলের হিসেবে ইতিহাসে ওপেনারদের তালিকায় এটি তৃতীয় দীর্ঘতম শূন্য রানের ইনিংস। এছাড়া একবিংশ শতাব্দীর হিসেবে এটিই প্রথম।
ম্যাডিনসনের ফেরার মতো ডারবানে প্রথম দিনে অজি ব্যাটিং লাইন-আপটাও ছিল নড়বড়ে। ইয়ানসেন-মুল্ডার-নরকিয়া পেসার ত্রয়ীর তোপে স্কোরবোর্ডে কোনো উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি অজিরা। ১২৪ রান তুলতেই সফরকারীরা হারায় ৬ উইকেট। এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৭ রান আসে লাবুশেনের ব্যাটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৭ ওভার শেষে ৬ উইকেটে ১৬১ রান তুলেছে প্যাট কামিন্সের দল।
ব্রাদার্সের জালে ছয় গোলের উৎসব ফর্টিজের