প্রেমের টানে ফিনল্যান্ডের যুবক সরিষাবাড়ীতে

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

প্রেমের কোনো ভৌগোলিক সীমানা কিংবা ধর্মের দেয়াল থাকে না- তা আবারও প্রমাণ করলেন ফিনল্যান্ডের নাগরিক সিমোলা মিকা (৩৮)। প্রেমের টানে সুদূর ফিনল্যান্ড থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক নারীকে পারিবারিকভাবে বিয়ে করেছেন তিনি।

সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। কনে শান্তিনা জাহান সিমি (২৮) ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রথম স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি তাঁর পাঁচ বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ফিনল্যান্ডে বসবাসকারী শান্তিনার এক আত্মীয়ের মাধ্যমে সিমোলা মিকার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তী সময়ে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। উভয় পরিবারের সম্মতিতেই মিকা বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।

বিয়ে উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর ফিনল্যান্ড সরকার থেকে অনুমতিপত্র সংগ্রহ করেন মিকা। এরপর গত ২ অক্টোবর তিনি বাংলাদেশে আসেন। ওই দিনই স্বেচ্ছায় খ্রিষ্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন এবং জামালপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে নিজের নাম রাখেন ‘মিকাইল’। পরবর্তী সময়ে ধর্মীয় শরিয়াহ ও রাষ্ট্রীয় আইন মেনে নিবন্ধিত কাজির মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। মিকাইল শান্তিনার পাঁচ বছরের সন্তানকেও নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন।

নবদম্পতি জানান, তাঁরা বর্তমানে অত্যন্ত সুখে আছেন। আগামী ১৮ অক্টোবর মিকাইল ফিনল্যান্ডে ফিরে যাবেন। সেখান থেকে শান্তিনা ও তাঁর সন্তানের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের ফিনল্যান্ডে নিয়ে যাবেন। শান্তিনার বাবা রফিকুল ইসলাম মেয়ের এই নতুন সূচনায় সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কোনো বিদেশি নাগরিক এলাকায় এসে বিয়ে করার বিষয়ে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পৌঁছায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত