অস্ট্রেলিয়ার শিখতে গিয়েছিলেন। সেখানেই অজিদের বিপক্ষে ইতিহাস গড়লেন সোবহানা মোস্তারি। ব্রিসবেনে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে সেঞ্চুরি করে বাংলাদেশ দলের এই নারী ব্যাটার নতুন মাইলফলক গড়েছেন। ১১৮ রানের ইনিংস আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ১৯৫ রানের জুটিতে ৮ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত তুলেছে ২২০ রান।
ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের জন্য চরম হতাশার। অস্ট্রেলিয়ার পেস আর বাউন্সের সামনে ৭ ওভার ২ বলে ৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে দল। সেখান থেকে সোবহানা ও জ্যোতির ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপর্যয়ই সামাল দেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
৬৬ বলে অর্ধশতক পূর্ণ করার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন সোবহানা। অন্য প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক জ্যোতি। দুজনের বোঝাপড়ায় ধীরে ধীরে বড় হতে থাকে বাংলাদেশের সংগ্রহ। ১২৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সোবহানা। শেষ পর্যন্ত ১৩৪ বলে ১৮টি চারের সাহায্যে ১১৮ রান করে ম্যাগান স্কটের বলে বোল্ড হন তিনি। জ্যোতির সঙ্গে তার ২৪৩ বলের জুটিতে আসে ১৯৫ রান। জ্যোতি ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম সেঞ্চুরি এটি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিও প্রথম। সেঞ্চুরির পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সোবহানা বলেন, “সত্যি বলতে, সেঞ্চুরি করতে পেরে আমি খুবই খুশি। আমি আমার কোচ, সতীর্থ এবং বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে অনেক সমর্থন দিয়েছে। তারা সব সময় আমাকে বলেছে, ‘তুমি উইকেটে থাকো, নিজের খেলাটা খেলো।’ তাই আমি নিজের পরিকল্পনায় অটল থেকেছি এবং ইতিবাচক শট খেলেছি।”
গত ম্যাচে আউট হওয়ার পর নিজের ভুল বুঝতে পেরেছিলেন সোবহানা। এরপর কোচ ও সতীর্থদের সঙ্গে আলোচনা করে আরও দীর্ঘ সময় উইকেটে থাকার পরিকল্পনা করেন তিনি। অধিনায়ক জ্যোতিও তাকে সেই লক্ষ্যেই এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। সোবহানা বলেন, “গত ওয়ানডেতে আউট হওয়ার পর আমি নিজের ভুল বুঝতে পেরেছিলাম। এরপর কোচ ও সতীর্থদের সঙ্গে কথা বলেছি। তাই জ্যোতি, আমাদের অধিনায়কের সঙ্গে যখন ব্যাট করতে নামলাম, সে আমাকে বলেছিল, ‘তুমি শুধু উইকেটে থাকো। আমরা দুজনই উইকেটে থেকে লম্বা একটা ইনিংস খেলি।’ আমার কোচও আমাকে আরও বেশি সময় ব্যাটিং করার পরামর্শ দিয়েছিলেন। তাই আমাদের পরিকল্পনাও ছিল সেটাই।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শক্তিমান ও র্যাংকিংয়ের পার্থক্য অনেক। এই সফরকে শেখার সুযোগ হিসেবে দেখেছেন মেয়েরা। বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দলের বোলিং ও ব্যাটিংয়ের ধরন বুঝে নিজেদের উন্নত করাই ছিল সফরের অন্যতম লক্ষ্য। কিন্তু সেই শেখার মঞ্চেই সোবহানার ব্যাটে লেখা হলো ইতিহাস। এনিয়ে এই ব্যাটার বলেন, ‘অস্ট্রেলিয়া বিশ্বের এক নম্বর দল। তাই আমরা এখানে এসেছিলাম তাদের বোলিং ও ব্যাটিং সম্পর্কে শেখার উদ্দেশ্যে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে এসেছি বলে আমাদের দেশের মানুষ আমাদের নিয়ে গর্বিত।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ছয়টি ওয়ানডেতে ঘরে-বাইরে মিলিয়ে কখনোই দুই শ রান করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সিরিজের প্রথম ম্যাচেও দলের সংগ্রহ ছিল ১৫৩ রান। এবার সোবহানা ও জ্যোতির ব্যাটে পুরো ৫০ ওভার খেলে ৬ উইকেটে ২২০ রান করেছে বাংলাদেশ। নারী ওয়ানডেতে বাংলাদেশের সেঞ্চুরিয়ানদের তালিকাতেও যুক্ত হলো নতুন নাম। এর আগে ফারজানা হক দুটি ও নিগার সুলতানা জ্যোতি একটি ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন।
অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানা মোস্তারির সেঞ্চুরি