ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এনিয়ে হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জন। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন।
রবিবার (১১ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য থেকে এ বিষয়ে জানানো হয়।
মৃত সাইফ (২৬) জামালপুর সদর এলাকার হযরত আলীর ছেলে।
মমেক হাসপাতাল জানায়, শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাইফ। পরদিন শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকদের প্রাথমিক তথ্যমতে, ডেঙ্গুজনিত শক সিনড্রোমের কারণে অপরিবর্তনীয় হৃদযন্ত্র ও শ্বাস-প্রশ্বাসের কার্যকারিতা বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
হাসপাতালের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৫৬ রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন। এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১৩৭ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ৮৪ জন পুরুষ, ৩৬ জন নারী ও ১৭ জন শিশু। চলতি বছরের শুরু থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৬২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির পাশাপাশি অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে একজন রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সতর্ক থাকতে হবে।