চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষা ও যত্রতত্র প্রচারসামগ্রী বন্ধে অভিযানে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরীর লালখান বাজার মোড় থেকে দামপাড়া পর্যন্ত এশিয়ান হাইওয়ের উভয় পাশে অভিযান চালিয়ে দেড় শতাধিক অননুমোদিত পোস্টার, ব্যানার, ফেস্টুন ও স্টিকার অপসারণ করা হয়।
রোববার (১১ সেপ্টেম্বর) চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
চসিক সূত্রে জানা যায়, অভিযানকালে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় ও পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের সামনের অংশসহ পুরো সড়কের উভয় পাশের বিভিন্ন বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের অবৈধ প্রচারসামগ্রী উচ্ছেদ করা হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব (অ. দা.) আজিজ আহমদ বলেন, নগরীকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে অবৈধ প্রচারসামগ্রীর বিরুদ্ধে চসিকের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।