ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের (ডিইউমুনা) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়েছে। নতুন পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনিম বিন মাহফুজ। একই শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল নুর সাধারণ সম্পাদক এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রিফা তামান্না সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) সংগঠনটির মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আইনুল ইসলামের তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে কোষাধ্যক্ষ হয়েছেন আদিত্য আবরার রায়াত, যুগ্ম সম্পাদক আবরার মো. লাবিব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত ইসলাম তুনাজ, প্রকাশনা সম্পাদক রোহান বিশ্বাস এবং প্রচার সম্পাদক আহসান তাজোয়ার।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল মুনতাকিম রহমান, তাহসিন তানজিম নিজাম, নিশাত সুবাহ, সাদমান সাকিবুল হক, পৃথ্বীজিৎ ধর, সৈয়দ আল ফারাবী ও আফিফা মোহসীনা মারিয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কূটনৈতিক চর্চা, বহুপাক্ষিক আলোচনা, নীতিনির্ধারণী বিতর্ক এবং জাতিসংঘের কার্যপ্রণালি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরিতে কাজ করে ডিইউমুনা। সংগঠনটি প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন (ডানমান) আয়োজন করে। এ সম্মেলনে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিতর্ক, আলোচনা এবং কূটনৈতিক সমাধান অনুসন্ধানের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পান।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সংগঠনটির চলমান কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি এবং দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।