কুমিল্লার জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
রাজুর দেওয়া তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ৬ সেপ্টেম্বর ভোরে তাজমিন কক্সবাজারে পৌঁছান। ওই দিন তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। পরদিন দুপুরে তাজমিন একাই কুমিল্লার উদ্দেশে রওনা হন।
পরে কুমিল্লায় পৌঁছানোর পর টমটমচালক সুমন মিয়ার হাতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন তাজমিন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কুমিল্লা পুলিশ সুমন মিয়াকে আটক করেছে।
তাজমিন হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে রাজুকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার সংশ্লিষ্টতা এবং কুমিল্লার মামলায় তাকে আসামি করার বিষয়ে পুলিশের সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।