তারান্নুম আফরীনের ‘হারাই নাই’

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০১:২৭ এএম

অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী ড. তারান্নুম আফরীন পেশায় গবেষক হলেও অন্তরে লালন করেন বাংলা গান। প্রবাসে থেকেও দেশের মাটির সুরকে বিশ্বদরবারে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী। ভিন্নধারার গায়কি দিয়ে ইতিমধ্যে তিনি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি এবার নিয়ে আসছেন সম্পূর্ণ নতুন একটি একক মৌলিক গান। শিরোনাম ‘হারাই নাই’। গানটির কথা লিখেছেন সামিউল মাশুক এন্টনি। নোভা ব্যান্ড-এর প্রাক্তন ড্রামার এবং জনপ্রিয় রম্য লেখক এই এন্টনি। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন এই গায়িকা। মিক্স-মাস্টার ও সংগীতায়োজন করেছেন মাহবুব মিনেল। লিড গিটার বাজিয়েছেন তুহিন আহমেদ।

নিজের পরিচিত সংগীতধারা থেকে এবার খানিকটা সরে এসেছেন তারান্নুম। ‘হারাই নাই’-এ শ্রোতারা তাকে পাবেন ব্যান্ড সংগীতের আবহে, যেখানে গিটারের শক্তিশালী উপস্থিতির সঙ্গে মিশেছে স্মৃতি ও নস্টালজিয়া। নতুন গান নিয়ে তারান্নুম আফরীন বলেন, ‘এটা আমার জন্য অন্যরকম একটা কাজ। চেনা ঘরানার বাইরে গিয়ে গানটি করেছি। তাই কাজটা সহজ ছিল না, কিন্তু আমরা প্রত্যেকে খুব যত্ন নিয়ে গানটি তৈরি করেছি।’ আধুনিক ও ক্লাসিক্যাল ঘরানার সংমিশ্রণে তৈরি এই গানটি সব ধরনের শ্রোতাদের মুগ্ধ করবে বলে আশা করছেন তিনি। বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত এই গান-ভিডিও খুব শিগগিরই শ্রোতাদের কাছে আসবে বলে জানিয়েছেন এই গায়িকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত