ডেঙ্গু প্রতিরোধ

ব্যাংকগুলোকে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০১:৩১ এএম

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী তিন মাস বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় প্রতি শনিবার এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংসে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র ও এটিএম বুথসহ সব স্থাপনায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত, জমে থাকা পানি ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বাড়ছে। এ পরিস্থিতিতে মশার প্রজননক্ষেত্র ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় ব্যাংকগুলোকে ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখতে বলা হয়েছে। পাশাপাশি পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পুরনো টায়ার ও প্লাস্টিকের বোতলসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেগুলো অপসারণ বা বিনষ্ট করতে হবে।

ব্যাংকের নিজস্ব ভবনের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক স্থাপনাগুলোতেও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের কর্মক্ষেত্র ও আশপাশের এলাকায় নিয়মিত মশা নিধনের ওষুধ, স্প্রে কিংবা কয়েল ব্যবহার করতে হবে। এ ছাড়া গ্রাম, শহর ও নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান যেমন পৌরসভা ও সিটি করপোরেশনের গৃহীত কার্যক্রমে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত